দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আজ বৃহস্পতিবার থেকে এ ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল। মহাসড়ক থেকে নসিমন, করিমন, ভটভটি তুলে দেওয়াসহ ১৬ দফা দাবিতে ঐক্য পরিষদ এই ধর্মঘটের ডাক দিলেও তাদের মূল টার্গেট ছিল সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির বাস বন্ধ করা। গতকাল বুধবার যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সভাপতিত্বে তাঁর দপ্তরে বৈঠকে তাদের দাবির কিছুটা পূরণ হওয়ায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন ঐক্য পরিষদের নেতারা।বৈঠক সূত্রে জানা গেছে, গতকালের আলোচনার বেশির ভাগ সময়ই বিআরটিসির বরিশাল-মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাট পর্যন্ত চলাচলকারী বাস বন্ধের বিষয়েই সোচ্চার ছিলেন মালিক-শ্রমিকেরা। বিআরটিসি কর্তৃপক্ষ তাদের বাসরুট বন্ধের বিপক্ষে অবস্থান নিলেও একপর্যায়ে এর থামার স্থান কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেন মন্ত্রী। এর পরই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে। বিআরটিসি সূত্র জানায়, গত ১০ বছরে বেসরকারি বাস মালিক-শ্রমিকদের চাপে সংস্থাটির অন্তত ৪৩টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বেশ কিছু রুট বন্ধ করে দেওয়ার জন্য বেসরকারি বাস মালিকেরা চাপ দিয়ে যাচ্ছেন।বিআরটিসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, উপজেলা সদরে যাত্রী ওঠানো-নামানো না গেলে বিআরটিসির যাত্রী কমে যাবে। তাতে আপনা-আপনিই বাসসেবা বন্ধ হয়ে যাবে। এর আগেও বিভিন্ন জেলায় এভাবে বিধিনিষেধ আরোপ করায় বিআরটিসির বাস বন্ধ হয়ে গেছে। এবারও সেই পুরোনো কৌশল নেওয়া হয়েছে। গতকালের বৈঠকে অংশ নেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, যোগাযোগসচিব মোজাম্মেল হক খান, বিআরটিএ চেয়ারম্যান আইয়ুবুর রহমান ও বিআরটিসির চেয়ারম্যান মেজর (অব.) এম এম ইকবাল। মন্ত্রী শাজাহান খান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনেরও কার্যকরী সভাপতি। দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ১৬ দফা দাবিতে ২১টি জেলায় ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছিল। তাদের অন্যতম দাবি ছিল—যন্ত্রচালিত বাহন নসিমন-করিমন, ভটভটি, নিষিদ্ধ ঘোষণা, মোটরসাইকেল ও মাইক্রোবাসে অবৈধ যাত্রী বহন নিষিদ্ধ করা। সভায় সিদ্ধান্ত হয়েছে, এ বাহনগুলো জাতীয় মহাসড়কে চলাচল করবে না। বিষয়টি দেখার জন্য একটি কমিটি কাজ করবে। এ ছাড়া কাওড়াকান্দি ঘাট থেকে মাইক্রোবাসে যাত্রী পরিবহন বন্ধের বিষয়ে স্থানীয় প্রশাসনকে কাজ করার নির্দেশ দেওয়া হবে। কাওড়াকান্দি ঘাট পর্যন্ত বিআরটিসির বাস চলাচল বন্ধের বিষয়ে সৈয়দ আবুল হোসেন বলেন, ‘অতীতে বিআরটিসির বাস লিজ দেওয়ার কারণে সরকারের সঙ্গে মালিক-শ্রমিকদের সংঘাত হতো। এখন যদি বিধি মেনে বিআরটিসি নিজেই বাস চালায়, তবে বাধা কোথায়? আপনাদের গাড়ি যদি সরাসরি ওই রুটে চলতে পারে, তবে বিআরটিসির বাস চলতে বাধা কোথায়? আমরা মনে করি, বেসরকারি পরিবহনের পাশাপাশি জনগণের জন্য সরকারের বিকল্প পরিবহনের ব্যবস্থা থাকা দরকার। আইনের পরিবর্তন চাইলে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার জন্য তিনি মালিক-শ্রমিকদের পরামর্শ দেন।’ এ বক্তব্যের পরও মালিক-শ্রমিকেরা নিজেদের দাবিতে অনড় থাকেন। এ সময় নৌমন্ত্রী শাজাহান খান বলেন, বিআরটিসির বাস চলাচলের নীতিমালায় পরিবর্তন আনা যায় কি না, ভাবতে হবে। এটি করা হলে সরকারের সঙ্গে মালিক-শ্রমিকের দূরত্ব দূর হতে পারে। নৌমন্ত্রীও বেসরকারি বাস মালিক-শ্রমিকদের সঙ্গে সায় দিয়ে বলেন, বিআরটিসির বাস মোড়ে মোড়ে থেমে লোকাল বাসের মতো চালাচ্ছে। এ সময় ঐক্য পরিষদের পক্ষ থেকে মত দেওয়া হয়, নীতিমালা তৈরি না হওয়া পর্যন্ত বিআরটিসির বাস দুটি শুধু জেলা শহরে থামবে। অন্য উপজেলা শহরে বা অন্য স্ট্যান্ডে থামতে পারবে না। সরকার এটা মেনে নিলে ধর্মঘট তুলে নেওয়া হয়। সভায় জানানো হয়, আগামী ৩ জুলাইয়ের আলোচনায় অন্য দাবিগুলো নিয়ে দুই পক্ষ কথা বলবে। প্রায় তিন ঘণ্টা আলোচনার পর যোগাযোগমন্ত্রী বলেন, সমস্যার সমাধান করার জন্য বেশি সময় আলোচনা করতে হবে ভাবিনি। যাই হোক, শেষ পর্যন্ত অন্তত দুটি বিষয়ের সমাধান হলো। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিআরটিসির বাস চলাচলের বিষয়ে আগামী এক মাসের মধ্যে নীতিমালা তৈরি করা হবে। এটি তৈরি না হওয়া পর্যন্ত বিআরটিসির দুটি বাস চলবে। তবে বাস দুটি শুধু জেলা শহরে থামবে।