দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেলের উন্নয়নে মহাপরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এ অঞ্চলে রেলের বিভিন্ন প্রকল্পে প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। এ ছাড়া ২০১৮ সালের মধ্যে রেল সেতুসহ খুলনা-মংলা রেলপথ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
গতকাল সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে রেলওয়ে-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এসব কথা জানান।
বাংলাদেশ রেলওয়ের দর্শনা, খুলনা ও মংলা বন্দর এলাকায় রেলওয়ের অপারেশনাল কার্যক্রম, বিভিন্ন স্থাপনা ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মলনে জানানো হয়, রেল যোগাযোগ উন্নয়নে গৃহীত প্রকল্পের মধ্যে রয়েছে ৩ হাজার ৮০১ কোটি টাকা ব্যয়ে খুলনা-মংলা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণ, ৭৫ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে খুলনায় আধুনিক রেলস্টেশন ও স্টেশন ইয়ার্ড রিমডেলিং এবং বেনাপোল রেলওয়ে স্টেশনের অপারেশনাল সুবিধাদি উন্নয়ন, ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে বিদ্যমান রেললাইনের সমান্তরালে খুলনা থেকে দর্শনা পর্যন্ত ১২৮ কিলোমিটার ব্রডগেজ ডাবল লাইন নির্মাণ, সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা-পদ্মা সেতু-ভাঙ্গা হয়ে যশোর পর্যন্ত ৮২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ, ১৭৬ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ঈশ্বরদী-দর্শনা সেকশনের ১১টি স্টেশনে সংকেতব্যবস্থার মান উন্নয়ন, ৭৬ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ঈশ্বরদী-দর্শনার আটটি স্টেশন দর্শনা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, হালসা, মিরপুর, ভেড়ামারা, ঈশ্বরদী জংশন এবং সিরাজগঞ্জ বাজার স্টেশনের স্টেশন ইয়ার্ড পুনর্বাসন ও লুপলাইন বর্ধিতকরণ।
জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, রেলপথ মন্ত্রণালয়ের আওতায় মোট ২ লাখ ৩৪ হাজার কোটি টাকার ৪১টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খুলনায় নির্মাণাধীন রেলস্টেশনটি হবে আন্তর্জাতিক মানের ও দৃষ্টিনন্দন। তিনি এ প্রকল্পের সঙ্গে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করার ঘোষণাও দেন। এ ছাড়া যমুনায় জাইকার অর্থায়নে দ্বিতীয় বঙ্গবন্ধু (রেল) সেতু ও খুলনায় রেলসেতু নির্মাণ, ট্রেনগুলোর নতুন কোচ, খুলনা থেকে ভারতে দ্বিতীয় মৈত্রী ট্রেন চালুর পরিকল্পনা, খুলনা-ঢাকা পর্যন্ত স্টপেজ সংখ্যা কমিয়ে আনাসহ ট্রেনে সর্বোচ্চ আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ঘোষণা দেন তিনি।
এ সময় ওই স্থায়ী কমিটির সদস্য খুলনা-২ আসনের সাংসদ মুহাম্মদ মিজানুর রহমান, নরসিংদী-২ আসনের সাংসদ সিরাজুল হক মোল্লা, চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ মো. আলী আজগার, লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ মোহাম্মদ নোমান ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে সাংসদ এস এম মোস্তফা রশিদ, খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।