দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে অর্থ বরাদ্দের দাবিতে মানববন্ধন
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুষম উন্নয়নে ২০১০-১১ সালের জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানানো হয়েছে। এ দাবিতে খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আহ্বানে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগরের পিকচার প্যালেস মোড়ে এক দীর্ঘ মানববন্ধন ও সমাবেশ হয়।মানববন্ধন চলাকালে খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহ প্রকল্প দ্রুত বাস্তবায়ন, মংলা বন্দরের আধুনিকায়ন, খুলনায় বিমানবন্দর বাস্তবায়ন, সুন্দরবনের জীববৈচিত্র্যের সুরক্ষা ও পর্যটনশিল্পের উন্নয়ন, এ অঞ্চলে পাটকলসহ সব বন্ধ কলকারখানা চালু, আইলায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন ও দ্রুত বেড়িবাঁধ নির্মাণ সম্পন্ন করারও দাবি জানানো হয়। এতে নগরের ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। এ সময় খুলনা উন্নয়ন কমিটির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সমাবেশ হয়।সমাবেশে বক্তারা বলেন, বিগত সব সরকারের আমলে খুলনা তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চল বঞ্চনার শিকার হয়েছে। এতে এ অঞ্চলের সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। এ অঞ্চলের অনেক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে তা বাস্তবায়ন হচ্ছে না। বক্তারা আরও বলেন, খুলনাবাসী আশা করে বর্তমান সরকার খুলনার উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেবে। অন্যথায় বঞ্চিত খুলনাবাসী কঠোর আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করে ছাড়বে।সমাবেশে খুলনা উন্নয়ন কমিটির মহাসচিব হায়দার গাজী সালাহউদ্দিন, যুগ্ম মহাসচিব শেখ মোশারফ হোসেন, এস এম মোস্তাফিজুর রহমান, স ম আবুল বাশার, খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন মুক্তিযোদ্ধা শেখ আবদুল কাইয়ুম, খুলনা সম্মিলিত ব্যবসায়ী সংগঠন সমন্বয় পরিষদের নেতা মুনীর আহমেদ, এস এম ওবায়দুল্লাহ, নগর বিএনপির সাবেক সভাপতি সাবেক সাংসদ এম নুরুল ইসলাম, নারীনেত্রী শামিমা সুলতানা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ আবু হাসান প্রমুখ বক্তব্য দেন।