দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ১৯৭৫ সালের পরবর্তী সরকারগুলো দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে উদ্যোগ নেয়নি। ফলে এ অঞ্চলে দারিদ্র্য বেড়েছে অন্যদিকে এখানকার সম্ভাবনাগুলো কাজে লাগানো হয়নি। তবে বর্তমান সরকার অবহেলিত এ অঞ্চলের সার্বিক উন্নয়নের বিষয়ে গুরুত্ব দিচ্ছে।গতকাল শনিবার ‘অবহেলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চল: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক সমীক্ষার তথ্য উপস্থাপন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ কথা বলেন। বেসরকারি প্রতিষ্ঠান নাগরিক সংহতি রাজধানীর বিলিয়া মিলনায়তনে এ সভার আয়োজন করে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, মংলা বন্দরকে সচল করতে আমদানির ৪০ শতাংশ এই বন্দরের মাধ্যমে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া খুলনার বন্ধ কারখানা খুলে দেওয়া ও কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হচ্ছে। উপকূলীয় অঞ্চল উন্নয়নে উপকূল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব সরকারের কাছে তুলে ধরার প্রতিশ্রুতি দেন শিল্পমন্ত্রী।সভার পক্ষ থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে কিছু সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, খুলনাসহ দক্ষিণাঞ্চলের শিল্প সংরক্ষণ এবং নতুন শিল্প স্থাপন, মংলা বন্দর উন্নয়ন, উপকূলীয় ভূমির সর্্বোচ্চ ব্যবহার, সুন্দরবন ও কুয়াকাটাকে ঘিরে পরিবেশসম্মত পর্যটন শিল্পের বিকাশ, অপরিকল্পিত চিংড়ি চাষ বন্ধ, বিশুদ্ধ পানির প্রাপ্যতা নিশ্চিত করা, লবণাক্ততা থেকে কৃষি রক্ষা এবং অঞ্চলিক উন্নয়ন কর্তৃপক্ষ গঠন অন্যতম।অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ, জলবায়ু বিশেষজ্ঞ আহসান উদ্দিন আহম্মেদ, সাতক্ষীরা জেলা জনসমিতির সভাপতি মহম্মদ ফখরুদ্দিন, সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ প্রমুখ।