২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন, পরিবেশের বিপর্যয় রোধ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার নগরীর খুলনা ক্লাব মিলনায়তনে ‘বাজেটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণের প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপে এ দাবি জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, গণতান্ত্রিক বাজেট আন্দোলন, খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশন, পাট ও পাটশিল্প রক্ষা কমিটি ও অ্যাকশন এইড বাংলাদেশ এ সংলাপের আয়োজন করে।বক্তারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, আইলাদুর্গত এলাকাকে অধিক গুরুত্ব দিয়ে অর্থ বরাদ্দ, বন্ধ কারখানা চালু, পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ, পদ্মা সেতু নির্মাণ ও মংলা বন্দরের উন্নয়নসহ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, বিমানবন্দর, খুলনা আধুনিক রেলওয়ে স্টেশন, খুলনা ওয়াসা, পূর্ণাঙ্গ টিভিকেন্দ্র, শিল্পকলা একাডেমী, খুলনা বিভাগীয় ও জেলা স্টেডিয়াম এবং খুলনা সিটি করপোরেশনের জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানান। এ ছাড়া সুন্দরবন রক্ষা, বনকেন্দ্রিক পর্যটনকেন্দ্র ও আকরাম পয়েন্টে গভীর সমুদ্রবন্দর নির্মাণ, বিনোদন ও শিক্ষার জন্য ঐতিহাসিক নিদর্শন রক্ষা ও উন্নয়ন এবং সামজিক সুরক্ষার দাবি তোলা হয়। এ সময় ‘২০১০-১১ অর্থবছরের বাজেটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণের প্রত্যাশা’ শীর্ষক আলোচনাপত্র উপস্থাপন করেন পাট ও পাটশিল্প রক্ষা কমিটির সাধারণ সম্পাদক খালিদ হোসেন। সংলাপে সভাপতি ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন খুলনা উন্নয়ন ও সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি লিয়াকত আলী। বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী মুজিবর রহমান, সাংসদ নজরুল ইসলাম, নারায়ণ চন্দ্র চন্দ, মোল্লা জালাল উদ্দিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাইফুদ্দিন শাহ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নওশের আলী মোড়ল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারহা কবির প্রমুখ।