পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ওই অঞ্চলের সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আজ সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরকার ও মালিক-শ্রমিকদের প্রতিনিধিদের এক বৈঠকের পরে এ ঘোষণা দেওয়া হয়।

ফরিদপুরের মধুখালীতে সোহাগ পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনার পর ওই বাসের চালক, চালকের সহকারী ও সুপারভাইজারকে গত সোমবার গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মুক্তির দাবিতে পরদিন মঙ্গলবার থেকে খুলনা বিভাগের ১০ জেলায় আন্তজেলা ও দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধের ডাক দেয় দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ওই জেলাগুলোতে আন্তজেলা বা দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছিল মানুষ।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রথম আলোকে বলেন, সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তিনি জানান, মোটাদাগে কয়েকটি শর্ত সরকার মেনে নিয়েছে। এগুলো হলো—ডাকাতির ঘটনার বাসের চালক, চালকের সহকারী ও সুপারভাইজারের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তের ভার পুলিশ থেকে সিআইডিতে হস্তান্তর; সাম্প্রতিককালে ওই এলাকায় ডাকাতির বিভিন্ন অভিযোগের ব্যাপারে কমিটি গঠনের সিদ্ধান্তের পাশাপাশি পরিবহন ডাকাতির বিষয়ে কারও অবহেলা থাকলে দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রী সাজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মালিক-শ্রমিক নেতারা।