দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় হঠার্যা পরিবহন ধর্মঘট, মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মঘটের কারণে দুর্ভোগের শিকার বাসযাত্রীদের এই ছবি যশোরের খাজুরা বাস টার্মিনাল থেকে গতকাল দুপুরে তোলা ষ ছবি: প্রথম আলো
ধর্মঘটের কারণে দুর্ভোগের শিকার বাসযাত্রীদের এই ছবি যশোরের খাজুরা বাস টার্মিনাল থেকে গতকাল দুপুরে তোলা ষ ছবি: প্রথম আলো

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবহন ধর্মঘট গতকাল রোববার বিকেলে প্রত্যাহার করা হয়েছে। বেতন-ভাতা বাড়ানোর দাবিতে পরিবহন শ্রমিকেরা গত শনিবার রাতে যশোর শহরের খাজুরা স্ট্যান্ডে একে ট্রাভেলস ও সোহাগ পরিবহনের কাউন্টারে তালা লাগিয়ে দেন। এর প্রতিবাদে রাত থেকেই খুলনা, যশোর, সাতক্ষীরা, মাগুরা ও নড়াইল—এই পাঁচ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। ধর্মঘটের কারণে এসব জেলা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও ঈগল পরিবহনের স্বত্বাধিকারী পবিত্র কাপুড়িয়া গতকাল রাতে প্রথম আলোকে জানান, আগামী পাঁচ দিনের মধ্যে শ্রমিকদের দাবি-দাওয়াগুলো বাস্তবায়ন করা হবে। এই সময়ের মধ্যে শ্রমিকেরা কোনো ঝামেলা করবেন না বলে শ্রমিক ইউনিয়নের নেতারা নিশ্চিত করেছেন। তাই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম বলেন, পাঁচ দিনের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।গতকাল ভোরে সাতক্ষীরা থেকে ছেড়ে আসে এম আর পরিবহনের একটি বাস। চুকনগর, কেশবপুর, মনিরামপুরসহ বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী নিয়ে পৌনে ১০টার দিকে বাসটি যশোর শহরের খাজুরা স্ট্যান্ডে এসে পৌঁছায়। এরপর কাউন্টার থেকে জানিয়ে দেওয়া হয়, বাস আর যাবে না। পরিবহন ধর্মঘট।মনিরামপুর কাউন্টার থেকে এম আর পরিবহনে ওঠেন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত একজন সেনাসদস্য। তিনি বলেন, ‘সন্ধ্যা ছয়টার মধ্যে আমাকে কাজে যোগদান করতে হবে। পরিবহন ধর্মঘটের বিষয়ে আমরা কিছুই জানতাম না। যশোরে এসে জানতে পারলাম ধর্মঘট।’খুলনা নগরের সোনাডাঙ্গা বাস টার্মিনালে কথা হয় ঢাকাগামী রূপসার নৈহাটি গ্রামের ব্যবসায়ী আবদুল সবুর মোল্লার সঙ্গে। তিনি বলেন, ‘কোনো কিছু না জানিয়েই ধর্মঘট। এক সপ্তাহ হরতালে মরলাম, এখন ধর্মঘট।’ ধর্মঘটের কারণে অন্য দিনের মতো গতকাল গোয়ালন্দঘাটে গাড়ির চাপ ছিল না। ফেরিগুলো ছোট গাড়ি ও অন্য জেলা থেকে আসা কিছু গাড়ি নিয়েই নদী পাড়ি দেয়। সকাল ১০টার দিকে গোপালগঞ্জগামী সুবর্ণ পরিবহনে করে ঢাকা থেকে দৌলতদিয়ায় পৌঁছেন খুলনার ফুলতলার বাসিন্দা আরশাদুর রহমান। কিন্তু খুলনাগামী কোনো গাড়ি না পেয়ে বিপাকে পড়েন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের এই কর্মী। একপর্যায়ে তিনি ওই গাড়িতে করেই ফরিদপুর যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখান থেকে বিকল্প উপায়ে বাড়ি যাওয়ার পরিকল্পনা তাঁর। দৌলতদিয়া ঘাটের ফুচকা ও চটপটি বিক্রেতা এনামুল হক বলেন, তাঁর স্ত্রী শনিবার রাতে যশোরের কেশবপুরে বাবার বাড়িতে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। রাতেই সংবাদ পেয়ে রওনা করতে সাহস পাননি। সকালে ঘাট থেকে রওনা করতেগিয়ে শোনেন ঘাটে কোনো গাড়ি নেই। পরে তিনি ভেঙে ভেঙে বিকল্প উপায়ে গন্তব্যের উদ্দেশে রওনা হন।

গতকাল দুপুরের দিকে ঘাট ছিল প্রায় যানবাহনশূন্য। দক্ষিণাঞ্চলের অন্যান্য জেলা থেকে আসা গাড়িগুলোকে অপেক্ষা না করে সরাসরিই ফেরিতে উঠতে দেখা গেছে। ফেরি কেরামত আলীর প্রধান মাস্টার সারোয়ার হোসেন বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি অন্যান্য গাড়ির সঙ্গে মাত্র ৪০টির মতো দূরপাল্লার বাস পার করেছেন। অথচ অন্যান্য দিন এই সময়ের মধ্যে কয়েক শ গাড়ি পার করেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, ‘দক্ষিণাঞ্চলের অনেক দূরপাল্লার গাড়ি না আসায় ঘাট অনেকটা ফাঁকা। তেমন চাপ না থাকায় আমরাও একটু বিশ্রামের মতো সময় পার করছি।’

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি পবিত্র কাপুড়িয়া জানান, পূর্ব আশ্বাস অনুযায়ী অধিকাংশ পরিবহন মালিক ১৫ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বাড়তি সুবিধাদি প্রদান করেছেন। হাতে গোনা কয়েকজন এখনো করেননি। এর জন্য রোববার (গতকাল) পর্যন্ত সময়ও চেয়ে নেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই শ্রমিকেরা কাউন্টারে তালা লাগিয়ে দিলেন। এ জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়। তিনি বলেন, ‘ধর্মঘটে মানুষের দুর্ভোগ হয়েছে ঠিকই। কিন্তু শ্রমিকদের খামখেয়ালিপনার প্রতিবাদে এটি আমরা করতে বাধ্য হয়েছি।’

কাউন্টার ভাঙচুরের ব্যাপারে পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম বলেন, ১৫ জুলাইয়ের মধ্যে তাঁদের পাঁচ দফা দাবি মেনে নেওয়ার কথা ছিল। কিন্তু মালিক সমিতি তা মানেনি। এ জন্য শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে এ কাজ করেছেন। প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের যশোর ও খুলনা অফিস এবং গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।