দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় পরিবহন ধর্মঘট শুরু আজ
ফরিদপুরসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় আজ মঙ্গলবার শুরু হচ্ছে পরিবহন ধর্মঘট। ১১ দফা দাবিতে সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দিয়েছে দক্ষিণ-পশ্চিম অঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ঐক্য পরিষদের সভাপতি এস এম শাহ্ আলম বলেন, ‘১ অক্টোবর আমরা সংবাদ সমেঞ্চলন করে আমাদের সিদ্ধান্ত জানিয়েছি। এ দাবির সমর্থনে চিঠি, পোস্টার, লিফলেট সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে। কিন্তু গতকাল দুপুর পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা আমাদের ১১ দফা দাবি নিয়ে কোনো আলোচনা করেননি। এ কারণে তাঁরা এ ধর্মঘটের ডাক দিয়েছেন। তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান গতকাল (সোমবার) ঢাকায় আমাদের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমরা কোনো আলোচনা ২১টি জেলার বাইরে করতে আগ্রহী নই। এ ছাড়া বিআরটিএ আমাদের দাবিগুলো সমাধানের এখতিয়ার রাখে না বলে সেই আমন্ত্রণে সাড়া দেয়নি।’ ১১ দফা দাবির মধ্যে রয়েছে দুর্ঘটনাকবলিত ট্রাক-বাস ভাঙচুর ও আগুন দিয়ে পোড়ানো বন্ধ করা, নছিমন-করিমন জাতীয় থ্রি হুইলার ও ইজিবাইক চলাচল বন্ধ, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে গণ-পরিবহনের মতো যাত্রী বহন নিষিদ্ধ, দুর্ঘটনাকবলিত বাস ৪৮ ঘণ্টার মধ্যে মালিকের জিমঞ্চায় ফেরত দেওয়া, শ্রম অধিদপ্তর থেকে মালিক সমিতির নিবন্ধন বন্ধ করা, গাড়ির টায়ার ও খুচরো যন্ত্রাংশের মূল্য ও ট্যাক্স কমানো, এক মাসের মধ্যে নতুন ড্রাইভিং লাইসেন্স প্রদান ও নবায়ন, মহাসড়কে অতিরিক্ত মাল বহনের নামে অবৈধ টাকা আদায় বন্ধ, বিভিন্ন ফেরিঘাটে অবৈধভাবে অতিরিক্ত টাকা আদায় বন্ধ, হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ ও প্রতিটি জেলায় বিআরটিএ কার্যালয়ে সহকারী পরিচালক নিয়োগ দেওয়া।