চট্টগ্রামে শাহ আমানত সেতুর (কর্ণফুলী তৃতীয় সেতু) দক্ষিণ প্রান্তের সংযোগ সড়কে এলাকাবাসীর স্থাপন করা উঁচু গতিরোধকটি অপসারণ করা হচ্ছে। এর পরিবর্তে সেখানে ছোট গতিরোধক (রাম্বল স্ট্রিপ) বসানো হবে। গতকাল মঙ্গলবার রাতের মধ্যে এই পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এর ফলে আজ বুধবার থেকে ওই এলাকায় সৃষ্ট যানজট কমবে বলে আশা করছে সওজ।প্রসঙ্গত, কয়েক দিন আগে ওই সংযোগ সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় চার শিশু আহত হলে স্থানীয় লোকজন সেখানে উঁচু গতিরোধক স্থাপন করে। গতিরোধকের কারণে সেতুতে ওঠা-নামার সময় যানবাহনের গতি অনেক কমে যাওয়ায় সেতু এবং এর দুই প্রান্তের সংযোগ সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। কখনো কখনো যানজট তীব্র আকার ধারণ করছে। এতে সেতুর ওপর দিয়ে চলাচল করা যানবাহনের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। তবে গতকাল তেমন যানজট ছিল না।জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার নাথ প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নতুন সেতুর দক্ষিণ প্রান্তের সংযোগ সড়কের ঢালু অংশে স্থাপিত উঁচু গতিরোধকটি দ্রুত গতির যানবাহনের চলাচলের জন্য বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এটি সড়ক দুর্ঘটনা কমানোর পরিবর্তে বাড়াতে পারে। এ কারণে সেখানে ছোট আকারের গতিরোধক বসানোর কাজ মঙ্গলবার রাতের মধ্যেই সম্পন্ন করা হচ্ছে।চট্টগ্রাম মহানগর পুলিশের যানবাহন শাখা সূত্রে জানা যায়, সেতুর ওপর এবং সংযোগ সড়কে যানজট সৃষ্টির প্রেক্ষাপটে উঁচু গতিরোধকটি সরিয়ে নিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সড়ক ও জনপথ বিভাগকে অনুরোধ করা হয়েছে। এ কারণে ওই উঁচু গতিরোধক আর থাকছে না।