
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ উদ্বোধনের দেড় বছর পর তৃতীয় দফা নির্মাণকাজ (৬ থেকে ১৬ তলা) শুরু হয়েছে। এই নির্মাণকাজের জন্য এক বছর ধরে ক্যাম্পাসের দক্ষিণ ফটক (দ্বিতীয়) বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এ সুযোগে ফটকের সামনে গড়ে উঠেছে লেগুনাস্ট্যান্ড ও গ্যারেজ।
শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, নতুন ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের নামে কালক্ষেপণ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ভবনের সম্প্রসারণ কাজ সম্পন্ন হলে শ্রেণিকক্ষ, শিক্ষকদের দপ্তর ও সেমিনার-সংকট লাঘব হবে বলে মনে করেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান প্রথম আলোকে বলেছেন, ‘ভবনটি সম্প্রসারণে বিভিন্ন প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়েছিল। যার কারণে নির্মাণকাজ শুরু করতে দেরি হয়।
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া ১০টি হল উদ্ধার, ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তর এবং নতুন আবাসিক হল নির্মাণসহ বিভিন্ন দাবিতে গত বছরের ১২ ফেব্রুয়ারি থেকে লাগাতার এক মাস আন্দোলন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। পরে ১০ মার্চ উপাচার্য একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও নির্মাণকাজের উদ্বোধন করেন। কয়েক দিনের মাথায় কাজ বন্ধ হয়ে যায়। টানা সাত মাস কাজ বন্ধ থাকার পর ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস সামনে রেখে আবার নির্মাণকাজ শুরু হয়। দ্বিতীয়বারেও কয়েক দিনের মাথায় নির্মাণকাজ আবার বন্ধ হয়ে যায়। সবশেষ চলতি বছর আগস্ট মাসের শুরুতে তৃতীয় দফায় শুরু হয় নির্মাণকাজ।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ফটক বন্ধ করে ভবনের নির্মাণসামগ্রী এবং শ্রমিকদের থাকার জন্য আটটি কক্ষ নির্মাণ করা হয়েছে। ভবনের ছাদে নির্মাণকাজ করছেন ১০-১২ জন শ্রমিক। ফটকের সামনে রাখা হয়েছে ইট-পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী। এ ছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ফটকের সামনে স্থায়ী রূপ পেয়েছে লেগুনাস্ট্যান্ড। আর ফটক ও ঢাকা কলেজিয়েট স্কুলের দেয়াল ঘেঁষে গড়ে উঠেছে পাঁচটি ছোট গ্যারেজ ও টং দোকান। এসব গ্যারেজে কাজ করছেন শ্রমিকেরা। এই ফটকসহ বিশ্ববিদ্যালয়ের তিনটি ফটক রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আরিফ হোসাইন বলেন, শিক্ষার্থীদের হল উদ্ধার আন্দোলনকে দমাতেই তড়িঘড়ি করে একাডেমিক ভবনের সম্প্রসারণ উদ্বোধন ও নির্মাণকাজ শুরু করেছিল কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, ২০০৫ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ২০ তলাবিশিষ্ট একটি একাডেমিক ভবন নির্মাণের জন্য ৩৬ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। ২০১৩ সালের মধ্যে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু নির্মাণসামগ্রীর দাম ক্রমান্বয়ে বাড়তে থাকায় ছয় তলা পর্যন্ত করে নির্মাণকাজ স্থগিত রাখা হয়। পরে ২০১০ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে ১০০ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। এই টাকা থেকে এখন প্রায় ৪৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয় ওই ভবনটির ঊর্ধ্বমুখী সম্প্রসারণের জন্য।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বলেন, ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত ওই ভবনের নির্মাণকাজের জন্য সাত দফা দরপত্র আহ্বান করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু কোনো দরপত্রেই ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়নি। সবশেষ গত বছরের মার্চে অষ্টম দরপত্রের মাধ্যমে দ্য বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স অ্যান্ড দেশ উন্নয়ন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী দিদাউর রহমান বলেন, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে নির্মাণকাজ শুরু করা হয়েছে। এবার বিরতিহীনভাবে কাজ চলবে।
ফটকের সামনে লেগুনাস্ট্যান্ডের বিষয়ে জানতে চাইলে বাহাদুর শাহ পরিবহন মালিক সমিতির এক সদস্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ওই ফটকে রাতে নিয়মিত লেগুনা রাখেন পরিবহনমালিকেরা। তবে কর্তৃপক্ষ ফটকটি সব সময় খোলা রাখলে তা আর রাখব না।’
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) সুকুমার চন্দ্র সাহা বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণসামগ্রী রাখতে অস্থায়ীভাবে কিছু স্থাপনা নির্মাণ ও ফটকটি বন্ধ রাখা হয়েছে। নির্মাণকাজ শেষে তা খুলে দেওয়া হবে। ফটকটি খোলা হলে লেগুনাস্ট্যান্ড উঠে যাবে।