দক্ষিণ বাঁশখালী 'পাকিস্তান' নামে পরিচিতি পাচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালী সদর থেকে দক্ষিণে পুইছড়ির টইটং পর্যন্ত এলাকাকে ‘পাকিস্তান’ বলছেন স্থানীয় লোকজন। ভুক্তভোগীরা দাবি করছেন, ওই এলাকায় প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই কিংবা নিয়ন্ত্রণে রাখার চেষ্টাও করা হয় না।
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিভিন্ন স্তরের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সারা দেশে ২৮ ফেব্রুয়ারি থেকে সহিংসতা শুরু হয়। কিন্তু দক্ষিণ বাঁশখালীতে সহিংসতা শুরু হয় এক মাস আগে, ২৮ জানুয়ারি। ওই দিন বাঁশখালীর চাম্বল বাজারে দেলাওয়ার হোসাইন সাঈদীর ব্যানার নামানোর ঘটনার জের ধরে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের তুমুল সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশকে পিছু হটতে হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান এ প্রসঙ্গে বলেন, ‘দক্ষিণ চট্টগ্রামে জামায়াত-শিবিরের দাপট বেশি। সহিংসতার সময়ে আমাদেরও সেখানে যেতে ভয় লাগে।’
ওই এলাকার একাধিক ভুক্তভোগী নাম প্রকাশ না করে বলেন, দক্ষিণ বাঁশখালীতে জামায়াত-শিবিরের আদেশ-নির্দেশেই এখন সব কিছু চলে। প্রতিবাদ করলে প্রাণ যাওয়ার আশঙ্কা। তাই জামায়াতের কথায় চলতে হচ্ছে।
আরেক ভুক্তভোগী বলেন, ‘বাঁশখালী স্পর্শকাতর এলাকা। পাকিস্তানি ভাবধারার লোকজনের দাপট এখানে বেশি। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতাদের মামলার রায় ঘোষণা করার আগে কিংবা রায় কার্যকর করার আগে থেকেই বাঁশখালীতে নিরাপত্তা জোরদার করা অপরিহার্য। তাঁর প্রশ্ন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা কি সেই তাগিদ অনুভব করেন? ১২ ডিসেম্বর কাদের মোল্লার রায় ফাঁসি কার্যকরের দিন কেন আগে থেকে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি? কেন বিজিবি চায়নি স্থানীয় প্রশাসন’—প্রশ্ন ওই ভুক্তভোগীর।
সমুদ্র উপকূলবর্তী আনোয়ারা ও বাঁশখালী উপজেলাকে বিভক্ত করেছে সাঙ্গু নদ। নদের উত্তরাংশ আনোয়ারা শান্ত। গত বুধবার এই পথে যেতে দেখা যায়, সেখানে চাষিরা জমিতে কাজ করছেন। সাঙ্গুর ওপর নির্মিত চাঁদপুর-তৈলারদ্বীপ সেতু পেরিয়ে নদের দক্ষিণ পাশে বাঁশখালী সীমানায় পৌঁছার পরই পথে পথে দেখা গেছে নাশকতার নানা চিহ্ন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎ মিশ বলেন, ‘বাঁশখালীতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সব কটি সহিংস ঘটনায় জড়িত। ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত তাঁরা ১০-১২ কোটি টাকার সম্পদ ধ্বংস করেছেন বলে আমাদের ধারণা। এসব ঘটনায় মামলা হয়েছে।’
তবে স্থানীয় লোকজনের দাবি, এই ক্ষয়ক্ষতি ১৫ কোটি টাকার বেশি। ধ্বংসযজ্ঞ থামানোর জন্য স্থানীয় প্রশাসনের কোনো প্রস্তুতি ছিল না বলে ভুক্তভোগীদের অভিযোগ।
এর মধ্যে সবচেয়ে বড় নাশকতা হয়েছে ২৮ ফেব্রুয়ারি। ওই দিন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা বিচারিক হাকিম আদালত ও দেওয়ানি আদালতে অগ্নিসংযোগ এবং আরও কয়েক শ দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত ফৌজদারি ও দেওয়ানি উভয় আদালতের চার হাজার ৮০০ মামলা এবং আদালতের সংরক্ষিত বিভিন্ন নথিপত্র, হাজতখানা, বিচারিক হাকিম ও সহকারী জজের দুই কক্ষসহ আদালত ভবনের বিভিন্ন স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়। এর জন্য মামলার বাদী-বিবাদী ও আইনজীবীরা চরম বিপাকে পড়েছেন। স্থবিরতা নেমে এসেছে আদালতের কার্যক্রমে।
বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি দিলীপ দাশ বলেন, ধ্বংসযজ্ঞের পর দুই মাস ফৌজদারি এবং ছয় মাস দেওয়ানি মামলার কার্যক্রম বন্ধ ছিল। বিচার কার্যক্রম পিছিয়ে যাওয়ায় বাদী ও বিবাদী উভয় পক্ষের খরচ ও কষ্ট বেড়েছে। মূল্যবান নথি পুড়ে যাওয়ায় অনেকে ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
চাঁদপুর-তেলাদ্বীপ সেতু পেরিয়ে মোটরসাইকেলে সাধনপুর দিয়ে উপজেলা সদরের দিকে যাচ্ছিলাম। শিশিরভেজা পিচঢালা পথের দুই পাশে কেবল ধ্বংসযজ্ঞের চিহ্ন। ‘ডিজেলকরাত’ দিয়ে সড়কের দুই পাশে গাছগুলো কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এই গাছ ফেলেই চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আগমন ঠেকাতে দুর্বৃত্তরা এমন কাণ্ড ঘটায় বলে স্থানীয় লোকজন জানান।
সাধনপুর থেকে দক্ষিণে পুইছড়ি পর্যন্ত ১২ ডিসেম্বর রাতে অর্ধশতাধিক গাছ কেটে রাস্তা অবরোধ করে জামায়াত-শিবির। এরপর বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও স্থাপনায় আগুন ও হামলা চালানো হয়। সড়কের পাশে গাছ কারা কেটেছে জিজ্ঞেস করতেই পুইছড়ির একজন ইউপি সদস্য প্রথমে এদিক-ওদিক তাকান। চাপা কণ্ঠে বলেন, সড়কের পশ্চিম দিকের অংশ শেখেরখীল ও পূর্ব দিকে পুইছড়ি ইউনিয়ন। উপজেলা জামায়াতের আমির জহিরুল ইসলামের বাড়ি শেখেরখীল এলাকায়। সেখানে জামায়াত-শিবিরের একচ্ছত্র আধিপত্য। তাঁর দাবি, জহিরুলের কথায় দক্ষিণ বাঁশখালী নিয়ন্ত্রিত হয়। তাঁর দলের কিশোর-যুবকেরা রাস্তার দুই পাশে গাছ কেটে প্রকৃতি ধ্বংস করেছে। তারা তিনটি বেইলি সেতুর পাটাতনও খুলে নিয়েছিল।
চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার এ প্রসঙ্গে বলেন, ‘দক্ষিণ চট্টগ্রামের মধ্যে বাঁশখালী, সাতকানিয়া আর লোহাগাড়া উপজেলা সহিংসতাপ্রবণ এলাকা। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বাঁশখালীর স্থানীয় প্রশাসনকে কর্মপন্থা ঠিক করতে হবে।’
তবে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল দাবি করেছেন, বাঁশখালীর আইনশৃঙ্খলা ভালো আছে।
সহিংসতার বিষয়ে জানতে চাইলে বাঁশখালী উপজেলা জামায়াতের আমির মো. জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কিছু লোক গ্রেপ্তার ও হয়রানির শিকার হওয়ায় উত্তেজিত লোকজন গাছ কেটে আর সেতুর পাতাটন খুলে প্রতিবাদ করেছে। এদের কেউ আমাদের দলের হলে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
দক্ষিণ বাঁশখালীকে ‘পাকিস্তান’ বলার কারণ কী—জানতে চাইলে জহিরুল ইসলাম বলেন, ‘আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। পাকিস্তানে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা ইসলামপ্রিয় ও শান্তিপ্রিয় বাঙালি। পাকিস্তানের জঙ্গিবাদকে আমরা ঘৃণা করি।’