ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর তিনি৷ অবৈধ দখলদারদের উচ্ছেদ করা তাঁর অন্যতম দায়িত্ব৷ অথচ তাঁর নেতৃত্বেই দখলদারেরা সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতকে উচ্ছেদে বাধা দিয়েছেন৷ ফলে আদালত বাধ্য হয়ে উচ্ছেদ অসমাপ্ত রেখেই ফিরে যান৷
এই কাউন্সিলরের নাম কাজী হাবিবুর রহমান৷ তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর৷ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা দেওয়া এবং দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগে গতকাল বুধবার তাঁকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে কাজী হাবিবুর রহমানের স্থলে নতুন কে দায়িত্ব পালন করবেন, প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি।
গত বৃহস্পতিবার ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদের নেতৃত্বে রাজধানীর সায়েদাবাদে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে অবৈধ একটি ট্রাকস্ট্যান্ড উচ্ছেদে অভিযান চালিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত৷ এই আদালত পরিচালনা করছিলেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, মামুন সরদার ও খান মোহাম্মদ নাজমুস শোয়েব। তখন ডিএসসিসির হাবিবুর রহমানের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন ট্রাকমালিক ও শ্রমিকেরা উচ্ছেদে বাধা দেন৷ উচ্ছেদে ব্যবহৃত বুলডোজারের সামনে দাঁড়িয়ে তাঁরা বিক্ষোভ করেন। পুলিশ, র্যা ব ও আনসার সদস্যরা তাঁদের সরিয়ে দিতে কয়েক দফা চেষ্টা করেন। কিন্তু বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কায় কঠোর ব্যবস্থা নেয়নি ডিএসসিসি। এতে মাঝপথে উচ্ছেদ কার্যক্রম বন্ধ হয়ে যায়৷ এই স্ট্যান্ডে কাজী হাবিবুর রহমানের ৮-১০টি ট্রাক নিয়মিত রাখা হয় বলে জানিয়েছিলেন স্থানীয় লোকজন৷
জানতে চাইলে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, ‘সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের পরিপ্রেক্ষিতে ওই কাউন্সিলরকে নিজ উদ্যোগে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এখন আইন অনুযায়ী এই ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব নতুন কাউকে দেওয়া হবে।’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, সায়েদাবাদে বিদ্যমান অবৈধ ট্রাকস্ট্যান্ডের উচ্ছেদ কার্যক্রম পরিচালনার সময় ট্রাকচালক ও শ্রমিকদের উসকানি দিয়ে উচ্ছেদ কার্যক্রমে বাধা দেন কাজী হাবিবুর রহমান। এ সময় তিনি রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দেন ও দায়িত্বরত এক ম্যাজিস্ট্রেটকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, একজন জনপ্রতিনিধি হিসেবে সিটি করপোরেশনের সম্পত্তি রক্ষা ও যানজটমুক্ত নগরী গড়ায় ভূমিকা না রেখে তিনি জনস্বার্থের বিরুদ্ধে কাজ করেছেন। অবৈধ ট্রাকস্ট্যান্ড অপসারণে তাঁকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একাধিকবার অনুরোধ করা হলেও তিনি তা করেননি। তাই কাজী হাবিবুর রহমানের এই অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের কারণে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সালের ৬০ নম্বর আইন)-এর ধারা ১২-এর উপধারা (১) অনুযায়ী তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ বলেন, পূর্ণ প্রস্তুতি নিয়ে ট্রাকস্ট্যান্ডটি উচ্ছেদে অভিযান চালানো হয়েছিল। কিন্তু বাধার কারণে পুরোপুরি উচ্ছেদ সম্ভব হয়নি৷ উচ্ছেদ করা অংশে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে৷ ফলে এই অংশে নতুন করে ট্রাক রাখা যাবে না।