দক্ষিণ সুদান জুড়ে চলছে গণহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ সুদানে চলমান সংঘাতের কারণে উদ্বাস্তু হয়ে যাওয়া মানুষেরা রাজধানী যুবার কাছে জাতিসংঘের এক ত্রাণ শিবির থেকে খাদ্য সংগ্রহ করছে। ছবি: রয়টার্স
দক্ষিণ সুদানে চলমান সংঘাতের কারণে উদ্বাস্তু হয়ে যাওয়া মানুষেরা রাজধানী যুবার কাছে জাতিসংঘের এক ত্রাণ শিবির থেকে খাদ্য সংগ্রহ করছে। ছবি: রয়টার্স

দক্ষিণ সুদানে সরকার ও বিরোধী দলের মধ্যে গত এক সপ্তাহ ধরে চলা সংঘাতে বহু মানুষকে হত্যার প্রমাণ মিলেছে।
প্রেসিডেন্ট সালভা কির ও দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের সমর্থকদের মধ্যে ক্ষমতা দখল করা নিয়ে গৃহযুদ্ধ চলছে। দিনকা জনগোষ্ঠীর সালভা কির ও নুয়ের জনগোষ্ঠীর রিক মাচারের বিরোধে তাঁদের নিজ নিজ গোষ্ঠী জড়িয়ে পড়েছে এবং কার্যত দেশটিতে এখন জাতিগত হত্যাযজ্ঞ শুরু হয়েছে।
এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দক্ষিণ সুদানের রাজধানী যুবার থেকে বিবিসির এক প্রতিবেদক জানান, দেশটির সেনারা নুয়ের জনগোষ্ঠীর অন্তত ২০০ জনকে হত্যা করেছে। যুবা থেকে আরেক ব্যক্তি জানান, সংখ্যাগরিষ্ঠ দিনকারা সংখ্যালঘু নুয়েরদের এলাকায় গুলি বর্ষণ করছে।
রিক মাচারের অনুগত সেনারা রাজধানীর উত্তরে বোর ও বেনতিউ নামের দুটি এলাকা দখল করে নেওয়ার পর গত সপ্তাহে দুই দলের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। বেনতিউ হলো তেল-সমৃদ্ধ প্রদেশ ইউনিটি স্টেটের রাজধানী।
কির অভিযোগ করছেন, রিক মাচার তাঁকে ক্ষমতাচ্যুত করতে অভ্যুত্থানে নেমেছে। কির গত জুলাই মাসে মাচারকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। তবে রিক মাচার বলছেন, তিনি ক্ষমতা দখল করতে চান না।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে, সাবেক দুই মিত্রের বর্তমান সংঘাতের জের ধরে নুয়ের ও দিনকা গোষ্ঠী আরও বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে।