দক্ষিণ সুদানে ছুরিকাঘাতে ব্র্যাকের কর্মকর্তা নিহত

দক্ষিণ সুদানে গত বুধবার ছুরিকাঘাতে বাংলাদেশের বেসরকারি সংস্থা ব্র্যাকের এক কর্মকর্তা খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ হাবিবুর রহমান (৪৫)।হাবিবুর ব্র্যাকের শিক্ষা প্রকল্পে কাজ করতেন। তিন বছর আগে তিনি সুদানে যান। বুধবার দক্ষিণ সুদানের জুবা শহর থেকে ইয়েই শহরে যাওয়ার সময় তাঁকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন গতকাল শুক্রবার বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘কিছু অজ্ঞাতনামা লোক হাবিবুর ও তাঁর গাড়িচালককে মারধর এবং ছুরিকাঘাত করে। এরপর হাবিবুরের লাশ একটি গাছে ঝুলিয়ে রাখে। তাঁর শরীরে ছুরিকাঘাতের অনেক ক্ষতচিহ্ন ছিল।’ ওই ঘটনার পর থেকে হাবিবুরের চালক নিখোঁজ আছেন। ব্র্যাকের পক্ষ থেকে গতকাল এক বিবৃতিতে জানানো হয়, ঘটনা তদন্তে এবং হাবিবুরের লাশ দেশে আনতে সুদানের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে সেখানকার ব্র্যাক কার্যালয়।বিবৃতিতে বলা হয়, ‘হাবিবুর রহমানের মৃত্যুতে ব্র্যাক পরিবার খুবই মর্মাহত। অকালে তাঁকে হারিয়ে ব্র্যাকের অপূরণীয় ক্ষতি হলো।’হাবিবুরের স্ত্রী একজন স্কুলশিক্ষক। তাঁদের একটি পুত্রসন্তান আছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছে ব্র্যাক।