দক্ষিণ সুদানে সফরে সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
ছবি: সংগৃহীত

চার দিনের সরকারি সফরে শুক্রবার দক্ষিণ সুদানে পৌঁছেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। জুবা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান দক্ষিণ সুদানের চিফ অব ডিফেন্স ফোর্স জেনারেল সানতিনো দেং উল ও দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (আনমিস) ভারপ্রাপ্ত ফোর্স কমান্ডার মেজর জেনারেল মো. মাইন উল্লাহ চৌধুরীসহ অন্যান্য বাংলাদেশি ও দক্ষিণ সুদানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।

এই সফরে দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টগুলো পরিদর্শন করবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেই সঙ্গে তিনি দক্ষিণ সুদান সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ ও চিফ অব ডিফেন্স ফোর্স এবং জাতিসংঘ মিশন প্রধানসহ অন্যান্য নেতৃস্থানীয় সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এই সফরে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনী প্রধান। সফর শেষে প্রতিনিধি দলটি আগামী ২৩ ফেব্রুয়ারি জুবা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধিসহ দেশটির সেনাবাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।