সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় আশিক আলী (৪৫) নামের এক গ্রামপুলিশের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের কামরূপদলং গ্রামের পাশের একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আশিক আলীর বাড়ি উপজেলার হুসেনপুর গ্রামে। প্রতিদিনের মতো রিকশা চালাতে গত শনিবার তিনি স্থানীয় পাগলা বাজারে যান। বিকেলে তাঁর ছেলে বাজারে গিয়ে জানতে পারেন, আশিক আলী কয়েকজনের সঙ্গে কামরূপদলং গ্রামে গেছেন। পরে সেই বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। আশিকের সন্ধান না পাওয়ায় পরদিন রোববার তাঁর স্ত্রী রাশেনা বেগম দক্ষিণ সুনামগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল দুপুরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে আশিকের লাশ উদ্ধার করে।দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি এস কে আবদুল্লাহ আল-সাঈদ বলেন, ‘আশিকের শরীরের বিভিন্ন স্থানে চামড়া উঠে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া এখনই হত্যাকাণ্ড বলা যাবে না।’