দক্ষিণ সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুরাদপুর গ্রামে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুরাদপুর গ্রামের আবদুল কুদ্দুস ও সেলিম মিয়ার মধ্যে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষ হয়। এতে আহত ব্যক্তিদের মধ্যে জাহেরা বেগম (৬০), হেলেনা বেগম (৩৫), সালমা বেগম (২৮), আলেকজান বিবি (৩১), আবদুল কদ্দুস (৬০), আবদুল করিম (৪৬), রজব আলী (৪৫), জুবেদ আলী (২৭), বকুল মিয়া (৩২), আবদুল আলীম (৪০), আবদুল কাদির (৬৫), মুকুট মিয়া (৪০), আনোয়ার পাশা (৩০), ওসমান মিয়া (৩৫), আতাউর রহমান (২৭), ইকবাল হোসেন (২৫), হেকমত আলী (২৬) ও আবদুল মালিককে (৫০) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আবদুল কুদ্দুস অভিযোগ করেন, দুই বছর আগে সেলিম মিয়ার পরিবারের সঙ্গে তাঁদের মারামারি হয়েছিল। এরপর সেলিম সৌদি আরবে চলে যান। এলাকার মুরব্বিরা বিষয়টি তখন নিস্পত্তি করে দেন। বর্তমানে সেলিম আবার দেশে এসে নানাভাবে তাঁদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এর জের ধরেই তিনি ও তাঁর লোকজন শুক্রবার তাঁর (কুদ্দুস) লোকজনের ওপর হামলা চালান। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এ ব্যাপারে কথা বলার জন্য সেলিম মিয়ার মুঠোফোনে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন জানান, সংঘর্ষের বিষয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।