দক্ষিণ সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ৫০
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে টেম্পো-লেগুনা থেকে টাকা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্মাসহ ৫০ জন আহত হয়েছে। আহত লোকজনকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জয়কলস ইউনিয়নের শান্তিগঞ্জ বাজার থেকে ডুংরিয়া পর্যন্ত চলাচলকারী টেম্পো ও লেগুনা থেকে চাঁদাবাজি করছিল কিছু লোক। এর প্রতিবাদ করে পার্শ্ববর্তী ঘরোয়া গ্রামের লোকজন। তাদের অভিযোগ, স্থানীয় শিবপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মসকু মিয়ার লোকজন অবৈধভাবে এ টাকা আদায় করছে।এ নিয়ে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ঘরোয়া গ্রামের ফয়জুল হকের সঙ্গে শিবপুর গ্রামের শামসুল হকের কথা-কাটাকাটি হয়। পরে এই দুজনের পক্ষ হয়ে দুই পাড়ার লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় ইটপাটকেলের আঘাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে আবদুল্লাহ, উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ, কনস্টেবল গোলাম মোস্তফা ও মাসুদ মিয়া আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।এ ছাড়া সংঘর্ষে আহত আরজু মিয়া (৪৫), সরাজ মিয়া (২৫), এখলাছ মিয়া (৩০), ফয়সল আহমদ (৩৬), আলী আহমদ (২৫), রফিক মিয়া (৬১), সফর আলী (২৭), জিলানী (২৭), রাজ মিয়া (২৮), আনোয়ার (৩৫), আমির উদ্দিন (৩৮), ফয়সল মিয়া (২৫), আলী হোসেন (৪০), বোরহান উদ্দিন (২৮), শামসুল হকসহ (৪৫) ২৫ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজনকে পাঠানো হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।সংঘর্ষে আহত ঘরোয়া গ্রামের আরজু মিয়া বলেন, ‘শান্তিগঞ্জ-ডুংরিয়া সড়কে টেম্পো-লেগুনা থেকে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় আমাদের ওপর হামলা হয়েছে। শিবপুর গ্রামের মসকু মিয়ার লোকজন এই টাকা আদায়ের সঙ্গে জড়িত।’সাবেক চেয়ারম্যান মসকু মিয়া বলেছেন, ‘ফুটপাতে একটি দোকানের সামনে আরেকটি দোকান বসানো নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। টেম্পো-লেগুনা থেকে টাকা আদায় করছে মালিক ও শ্রমিকেরা। আমরা এর সঙ্গে জড়িত নই।’দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি এস কে আবদুল্লাহ বলেন, ‘সংঘর্ষ থামাতে সুনামগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ আনতে হয়েছে। আমি নিজেও ইটপাটকেলের আঘাতে আহত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।’