দক্ষিণ সুরমা অংশে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
সিলেটের সুরমা নদীর পেশনেওয়াজ বালুমহাল ও সংলগ্ন এলাকায় বালু উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নদীভাঙন ও ক্ষতির সম্ভাব্যতা যাচাই করে সিলেটের জেলা প্রশাসককে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। রুলে সুরমা নদীর পেশনেওয়াজ বালুমহালকে সিলেটের ঘোষিত বালুমহালের তালিকা থেকে কেন বাদ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
আদালতে বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। পরে মিনহাজুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, সুরমা নদীর পেশনেওয়াজ বালুমহালের ইজারাদার প্রতিষ্ঠান অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন করছে। ফলে দক্ষিণ সুরমা নদী ও তার পার্শ্ববর্তী এলাকায় নদীভাঙনের সৃষ্টি হয়েছে। পেশনেওয়াজ বালুমহাল ও সংলগ্ন এলাকায় বালু উত্তোলনের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।