সিলেটের দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজে এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলে বিচার দাবিতে ক্লাস বর্জন করে দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দক্ষিণ সুরমা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের একজন প্রভাষকের বিরুদ্ধে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের এক ছাত্রী নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযুক্ত শিক্ষক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস প্রতি শুক্রবার দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়।কলেজের শিক্ষার্থীরা এ খবর জানতে পেরে গতকাল ক্লাস বর্জন করে শিক্ষককে ‘ধর্ষক’ হিসেবে আখ্যায়িত করে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তাঁর গ্রেপ্তার ও অপসারণ দাবি করে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। যোগাযোগ করলে দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ মো. শামসুল ইসলাম জানান, তাঁর কাছে এ রকম কেউ অভিযোগ দেয়নি। এ জন্য তিনি অভিযুক্ত শিক্ষকের নাম প্রকাশ করতে রাজি হননি। তিনি বলেন, ‘শিক্ষকের হাতে ছাত্রী নির্যাতনের বিষয়টি কেউ আমাকে লিখিতভাবে জানায়নি। তদন্ত করে ওই শিক্ষক দোষী প্রমাণিত হলে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’