দক্ষিণ সুরমা মাধ্যমিক শিক্ষা অফিসে লোকবল সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে শিক্ষা কর্মকর্তা থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারীর প্রতিটি পদ শূন্য থাকায় গোটা উপজেলার শিক্ষা কার্যক্রমে বিরূপ প্রভাব পড়ছে। এ অবস্থায় উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকেরা দ্রুত উপজেলা শিক্ষা অফিসে লোকবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে জোর দাবি জানিয়েছেন।জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে একজন করে শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা, অফিস সহকারী এবং দুজন চতুর্থ শ্রেণীর কর্মচারী কর্মরত থাকার কথা। কিন্তু দীর্ঘদিন ধরে সব কটি পদ শূন্য থাকায় উপজেলার ৪২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ অবস্থায় সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দক্ষিণ সুরমা উপজেলার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায় বলেন, ‘দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দীর্ঘদিন ধরে সব কটি পদ শূন্য রয়েছে। এ অবস্থায় আমাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু অফিসে কর্মকর্তা থেকে কর্মচারী সব পদ শূন্য থাকায় অফিসের তালা খোলা, ঝাড়ামোছা থেকে শুরু করে অফিস সহকারীর কাজ পর্যন্ত আমাকে করতে হচ্ছে।’