সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় গতকাল বৃহস্পতিবার ট্যাংকলরির ধাক্কায় একটি কলেজবাস খাদে পড়ে গেলে এক ছাত্রী নিহত ও ২২ ছাত্রী আহত হয়েছেন। একই দিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ দুজন নিহত ও একজন আহত হয়েছেন।
দক্ষিণ সুরমায় নিহত ছাত্রীর নাম রুবিনা বেগম (১৮)। তিনি নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে পড়াশোনা করতেন। কুলাউড়ায় নিহত হওয়া দুজন হলেন রাজনগর উপজেলার দাসপাড়া গ্রামের রেজান মিয়া (২৮) ও ইসলামপুর গ্রামের এনাম মিয়া (২৭)।
গতকাল সকালে একটি ট্যাংকলরি দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকায় নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের বহনকারী একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে গেলে রুবিনা নিহত ও অপর ২২ ছাত্রী আহত হন। রুবিনা দক্ষিণ সুরমার নাজিরবাজারের আবদুল মালেকের মেয়ে। স্থানীয় জনতা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে দক্ষিণ সুরমার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায়। এ খবর কলেজে পৌঁছলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা চণ্ডীপুল মোড়ে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। দক্ষিণ সুরমা থানার পুলিশ ও কলেজের শিক্ষকেরা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের কলেজে ফিরিয়ে নিয়ে আসেন। ঘটনাস্থলে থাকা ট্যাংকলরিটি জব্দ করেছে পুলিশ।
কুলাউড়া উপজেলার লুয়াইউনি চা-বাগান এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রেজান মিয়া ও এনাম মিয়া নিহত এবং রাজনগর উপজেলার শত্রুবর্ধন গ্রামের সেফুন বেগম (৩৫) আহত হন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে সিলেট থেকে কুলাউড়ার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাস লুয়াইউনি চা-বাগান এলাকায় বিপরীতমুখী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক রেজান মারা যান এবং এর দুই আরোহী এনাম ও সেফুর গুরুতর আহত হন। তাঁদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এনাম মারা যান। কুলাউড়া থানার এসআই মো. সামছুর রহমান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।