দক্ষিণ সুরমায় বাসের ধাক্কায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমার লাউয়া এলাকায় গতকাল বুধবার যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় পুলিশ ও এলাকাবাসীর সংঘর্ষে ১০ ব্যক্তি আহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন দক্ষিণ সুরমার দাউদপুর গ্রামের সৈয়দ পারভেজ (২২)। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, বেলা ১১টার দিকে ঢাকাগামী এনা পরিবহনের ধাক্কায় সৈয়দ পারভেজ নামে এক তরুণ নিহত হন। তিনি মোটরসাইকেল চালিয়ে শহরে আসছিলেন। এ খবর পেয়ে দাউদপুরসহ আশপাশের এলাকার মানুষ ঘটনাস্থলে এসে অবস্থান নিলে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ক্ষুব্ধ জনতার একাংশ সহিংসতার সৃষ্টি করলে ৪১টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
তবে বিক্ষুব্ধ এলাকাবাসীর কয়েকজন জানান, দুর্ঘটনার পরপরই এনা পরিবহন ঘটনাস্থল ত্যাগ করায় মানুষ ক্ষুব্ধ হয়ে মহাসড়কে অবস্থান নেয়। পুলিশ লাঠিপেটা শুরু করলে এ নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষ বাধে। এতে স্থানীয় ১০ ব্যক্তি আহত হয়েছেন।
মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বেলা একটার পর থেকে স্বাভাবিক হয়েছে জানিয়ে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিপন দাস বলেন, এনা পরিবহনের গাড়ি জব্দ করতে বিভিন্ন এলাকার মহাসড়ক পুলিশের থানায় বার্তা পাঠানো হয়েছে।