দক্ষিণ সুরমায় তরুণীকে গলা টিপে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাহমুদাবাদ মহল্লায় গতকাল মঙ্গলবার রুজিনা বেগম (১৭) নামের এক তরুণীকে গলা টিপে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে রুজিনার ভাবি লাকি বেগমকে পুলিশ আটক করেছে।পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, মো. জুয়াইদ আলীর মেয়ে রুজিনা বেগমের সঙ্গে তার বড় ভাবি লাকি বেগমের দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসছিল। ঝগড়া মেটানোর জন্য গত সোমবার সালিস-বৈঠক হয়। সূত্র জানায়, গতকাল সকালে রুজিনা ও তার ভাবি লাকি ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। এ সময় তারা দুজন ঝগড়া শুরু করলে প্রতিবেশীরা রুজিনার বাবা-মাসহ ভাইদের খবর দেয়। তাঁরা বাড়িতে এসে দেখেন রুজিনা খাটের ওপর মৃত অবস্থায় পড়ে রয়েছে। দক্ষিণ সুরমা থানার পুলিশ রুজিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।এ ঘটনায় রুজিনার ভাই হেলাল মিয়া দক্ষিণ সুরমা থানায় লাকি বেগম ও তাঁর তিন আত্মীয়কে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন।রুজিনার ভাই হেলাল মিয়ার অভিযোগ, ঘরের ঝগড়া সালিসে গড়ানোয় ক্ষুব্ধ হয়ে লাকি বেগম রুজিনাকে গলা টিপে হত্যা করেছে।লাশের সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে এসআই শাহ মো. মুবাশ্বির জানান, রুজিনার গলাটিপে ধরার চিহ্ন পাওয়া গেছে।