দক্ষিণ সুরমায় ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় গলাকাটা অবস্থায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে আলীনগর গ্রামের একটি রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যবসায়ী হলেন মখলিছুর রহমান ওরফে জালাল (২৮)। তাঁর বাড়ি বিশ্বনাথ উপজেলার তাজ মহরম গ্রামে। সিলেট নগরের শুকরিয়া মার্কেটের নাহিদ টেইলার্স নামের একটি দোকান পরিচালনা করতেন তিনি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, জালালকে দুর্বৃত্তরা বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে খুন করেছে।
জালালের বড় ভাই হেলাল আহমদ বলেন, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে মুঠোফোনে একটি কল পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান জালাল। এরপর তিনি বাড়ি ফেরেননি। ভোর সাড়ে চারটার দিকে আলীনগর রাস্তার পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে গতকাল সকালে দক্ষিণ সুরমা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জালালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।ঘটনাস্থল নিয়ে বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা থানার পুলিশের মধ্যে বিতর্ক থাকায় খুনি শনাক্ত করতে পুলিশ কোনো তৎপরতা চালাচ্ছে না বলে নিহত জালালের ভাই হেলাল আহমদ অভিযোগ করছেন।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ওসি আতাউর রহমান বলেন, লাশ তাঁরা উদ্ধার করলেও ঘটনাটি ঘটেছে বিশ্বনাথ থানা এলাকায়। এ কারণে মামলা ওই থানায় করতে বলা হচ্ছে। অপরদিকে বিশ্বনাথ থানার ওসি আবদুল হাই বলেন, লাশ যেখান থেকে উদ্ধার হয়েছে, সেখানে মামলা হবে।