দক্ষিণ সুরমায় রাজমিস্ত্রি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজার থেকে বাড়ি ফেরার পথে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় কুপিয়ে মির্জা দিলাল বেগ (৪০) নামে একজন রাজমিস্ত্রিকে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় মসজিদের দেয়াল নির্মাণ করার কাজ নিয়ে শত্রুতাবশত হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে।গ্রামবাসী ও পুলিশ সূত্র জানায়, সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানা এলাকার ভগতিপুর গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রি মির্জা দিলাল বেগ গতকাল ভোরবেলা হাজীগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে একদল দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। লোকমুখে এ খবর পেয়ে দিলালের আত্মীয়স্বজন তার‌্যাক্ষণিক মোগলাবাজার থানার পুলিশকে জানান। খবর পেয়ে একদল পুলিশ সকাল সাড়ে আটটায় ঘটনাস্থলে গিয়ে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে দিলালকে মৃত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠায়।মরদেহ উদ্ধারের পর মাথায় ও শরীরের বিভিন্ন অংশে একাধিক দায়ের কোপ পাওয়া গেছে। এক ছেলে ও এক মেয়ের জনক দিলাল পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি স্থানীয় জামে মসজিদ নির্মাণের কাজ করছিলেন। মোগলাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মুশতাক আহমদ প্রথম আলোকে জানান, বিরোধপূর্ণ জায়গায় মসজিদের দেয়াল নির্মাণের কাজ নিয়ে দিলাল খুন হয়েছেন—প্রাথমিকভাবে এ ধারণা নিয়ে পুলিশ তদন্ত করছে। এ ব্যাপারে একই গ্রামের মনছুন আলী (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সাজনা বেগম বাদী হয়ে একটি মামলা করেছেন।