দক্ষিণ সুরমায় সুমন হত্যা মামলায় পাঁচজনকে অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার তরুণ ব্যবসায়ী সুমন আহমদ (৩৫) হত্যা মামলায় ছয় আসামির মধ্যে পাঁচজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে। গতকাল বুধবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রঞ্জন সামন্ত অভিযোগপত্র দাখিল করেন। মামলায় এজাহারভুক্ত হাশিম মিয়াকে (৫৫) অব্যাহতি দেওয়ার অনুরোধ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৪ ফেব্রুয়ারি বিকেলে অভিযুক্ত ব্যক্তিরা ঝালোপাড়া এলাকায় সুমনকে মারধর ও শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহত ব্যবসায়ীর স্ত্রী ইসরাত জাহান তারানা বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। অভিযোগপত্রে বলা হয়, হত্যা ঘটনার তদন্তে ঝালোপাড়া এলাকার স্বপ্ননীড়-৬৬ নম্বর বাসার আবদুল মালিক (৫০), তাঁর ছেলে শোভন আহমদ (২৬) ও শাহান আহমদ (২৩), চাচাতো ভাই সায়মন (২৫), কুদ্দুস মিয়া (৫৪) পারিবারিক আক্রোশে সুমনকে মারধর করেন। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। মামলায় তিনজন পুলিশ সদস্য, একজন চিকিৎসক ও নিহত সুমনের নয় বছরের ছেলে ফারদিনসহ ১১ জনকে সাক্ষী রাখা হয়। আলামত হিসেবে নিহত সুমনের পরনের একটি পোশাক আদালতে দেওয়া হয়। মারধর ও শ্বাসরুদ্ধ করে সুমনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।তদন্ত কর্মকর্তা রঞ্জন সামন্ত প্রথম আলোকে জানান, অভিযুক্ত পাঁচ আসামির মধ্যে শোভন ও শাহান পলাতক। কুদ্দুস মিয়া ও তাঁর সহোদর মালিক উচ্চ আদালত থেকে জামিনে আছেন। অপর আসামি সায়মন জেলহাজতে।