দক্ষিণ সুরমায় 'সততা স্টোর' উদ্বোধন
ছাত্র অবস্থায় নীতিনৈতিকতা এবং সততার শিক্ষা দিতে বিক্রেতাবিহীন ব্যবসাপ্রতিষ্ঠান ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সিলাম পিএল বহুমুখী উচ্চবিদ্যালয়ে প্রতিষ্ঠা করা সততা স্টোরের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট বিভাগীয় পরিচালক শিরিন পারভীন।
উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিরিন পারভীন বলেন, সততাই সভ্য সমাজ সৃষ্টির মূল হাতিয়ার।
তিনি বলেন, সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ ও সমাজসচেতন ব্যক্তিজীবন গঠন করতে সততার ভিত্তিতে নিজেকে গড়ে তুলতে হবে।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আফতাব উদ্দিন, দুর্নীতি দমন কমিশন সিলেটের উপসহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকার, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, সিলাম পিএল বহুমুখী উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজি তাজরুল ইসলাম, প্রধান শিক্ষক দিলীপ লাল রায় ও ইংরেজি দৈনিক নিউ নেশন-এর সিলেট প্রতিনিধি এস এ শফি বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন।