দক্ষিণখান, তুরাগ ও মিরপুরে চারটি অস্বাভাবিক মৃত্যু
পৃথক ঘটনায় ঢাকার দক্ষিণখান, তুরাগ ও মিরপুরে গত রোববার চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন মো. হৃদয় (২০), জান্নাতুল ফেরদৌস (১৭), তাসলিমা (১৩) ও জান্নাতুল ফেরদৌস রূপা (১৭)।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, আজমপুর সুপার মার্কেটের পেছনে একটি মেসে থাকতেন হৃদয়। রোববার রাত তিনটার দিকে মেসের একটি কক্ষের গ্রিল কেটে হৃদয়কে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি বলেন, কক্ষটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী পরে ব্যবস্থা নেওয়া হবে। হৃদয়ের গ্রামের বাড়ি যশোরের বেনাপোলে।
একই থানার জামতলার একটি বাসা থেকে রোববার রাত সাড়ে ১১টার দিকে জান্নাতুল ফেরদৌসের মরদেহ উদ্ধার করা হয়। দক্ষিণখান থানার এসআই নান্নু খান বলেন, মা-বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে থাকত জান্নাতুল। ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
মিরপুরের দক্ষিণ পীরেরবাগ থেকে রোববার রাতে আরেক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিরপুর থানার এসআই নাসির উদ্দিন বলেন, তার বাবার নাম বাদল সরদার। তিনি পোশাক কারখানায় কাজ করতেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।