দক্ষিণখানে এসআইয়ের বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকায় এক পুলিশ কর্মকর্তার বাসা থেকে তাপসী (১৩) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, তাপসী আত্মহত্যা করেছে। তবে পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তাপসী ছিল বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম আজমের বাসার গৃহকর্মী। দক্ষিণখান থানার এসআই জাহেরুল ইসলাম জানান, তাপসী মোল্লারটেক ১৩২ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ওই বাসায় কাজ করত। খবর পেয়ে পুলিশ গতকাল বেলা ১১টার দিকে বাসার একটি কক্ষ থেকে তাপসীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশটি ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে গোলাম আজমের স্ত্রী আইনুন নাহার থানায় অপমৃত্যুর মামলা করেছেন। মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে এসআই জাহেরুল বলেন, ‘বাসার সদস্যরা কিছু বলেননি। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’ তবে পুলিশের এই বক্তব্য অস্বীকার করে তাপসীর মা মোমেনা বেগম বলেন, তাপসীকে নির্যাতন করে হত্যা করার পর লাশ ঝুলিয়ে রেখেছে বাসার সদস্যরা। তিনি বলেন, এক বছর আগে তিনি মেয়েকে ওই বাসায় কাজে দেন। এরপর থেকে গৃহকর্তা ও গৃহকর্ত্রী কারণে-অকারণে তাকে মারধর করত। মেয়ে বিষয়গুলো তাঁকে জানিয়েছিল। কিন্তু গৃহকর্তা ও গৃহকর্ত্রীর চাপে তাকে ওই বাসা থেকে তিনি আনতে পারেননি। গৃহকর্তা গোলাম আজম মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, গতকাল ভোরের দিকে তাঁর স্ত্রী তাঁকে জানান, তাপসী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে তিনি বাসায় এসে পুলিশ প্রশাসনকে জানান। কী কারণে আত্মহত্যা করেছে, সে সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।