দক্ষিণখানে ছুরিকাঘাতে যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় গত বৃহস্পতিবার রাতে ছুরিকাঘাতে মেরাজ হোসেন ওরফে রায়হান (২৩) নামের এক যুবক খুন হয়েছেন।
দক্ষিণখান থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে পূর্বশত্রুতার জের ধরে আইনুজবাগ এলাকায় মেরাজকে ছুরিকাঘাত করা হয়। তাঁকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত মেরাজের নানা রুহুল আমিন থানায় জাকির হোসেন লিটু ও সোহাগ নামের দুজনের বিরুদ্ধে মামলা করেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মেরাজ পরিবারের সঙ্গে আইনুজবাগ এলাকায় থাকতেন। তাঁর বাবার নাম আবদুল মতিন।