দক্ষিণখানে নারী চিকিৎসক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখানের একটি ক্লিনিকে সাজিয়া আফরিন (২৭) নামের এক নারী চিকিৎসক খুন হয়েছেন। গতকাল শুক্রবার সকালে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ এ ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাজিয়া দক্ষিণখানের নোয়াপাড়া আমতলায় ব্র্যাক পরিচালিত ব্র্যাক ক্লিনিকের খণ্ডকালীন চিকিৎসক ছিলেন। গত বৃহস্পতিবার ক্লিনিকে তাঁর রাতের পালায় দায়িত্ব ছিল। সকালে ক্লিনিকে চিকিৎসকদের বিশ্রামাগারে তাঁর লাশ দেখে কর্মচারীরা থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সরোয়ার প্রথম আলোকে বলেন, চারতলা বাড়ির প্রথম তিনতলাজুড়ে ক্লিনিক। তৃতীয় তলায় চিকিৎসকদের বিশ্রামাগারে খাটে সাজিয়ার লাশ পড়ে ছিল। তাঁর কপালে রক্তাক্ত জখম ও গলায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে আঘাত ও শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে গতকাল সকাল ছয়টার মধ্যে ঘটনাটি ঘটেছে।এসআই গোলাম সরোয়ার বলেন, ওই বাড়ির মালিক মমিন মিয়া থাকেন চারতলায়। ঘটনা সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর ছেলে মো. কাওসার এবং ক্লিনিকটির চারজন কর্মচারীকে আটক করা হয়েছে।ব্র্যাকের সহকারী পরিচালক (স্বাস্থ্য) আকরামুল ইসলাম বলেন, প্রয়োজন হলে চিকিৎসক সাজিয়াকে ক্লিনিকে ডাকা হতো। তিনি বৃহস্পতিবার রাত আটটার দিকে ক্লিনিকে গিয়েছিলেন। তিনি বলেন, ক্লিনিকের পাঁচজন কর্মচারীর মধ্যে ফয়সাল নামের একজন পলাতক। বাকি চারজনকে পুলিশ আটক করেছে।সাজিয়ার মামা জসীম উদ্দিন ঢাকা মেডিকেল কলেজ মর্গে সাংবাদিকদের বলেন, ২০০৮ সালে সাজিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি এফসিপিএস করছিলেন। পাশাপাশি ব্র্যাক ক্লিনিকে কাজ করতেন। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণখানের কাওলায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। বাবার নাম মনিরুল ইসলাম।