দক্ষিণখানে পানি নেই গভীর নলকূপ নষ্ট
উত্তরার দক্ষিণখানে বাসাবাড়িতে খাওয়ার পানির তীব্র সংকট চলছে। প্রায় এক মাস ধরে চলছে এ অবস্থা। পানি সরবরাহের জন্য এলাকার চারটি গভীর নলকূপের একটি অনেক দিন ধরে নষ্ট। এ কারণে সেখানে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
জানা গেছে, দক্ষিণখান এলাকায় পানি সরবরাহের জন্য ওয়াসার সরদারবাড়ি, মধুবাগ, মোল্লাবাড়ি ও আইনুসবাগ মিলে মোট চারটি স্থানে গভীর নলকূপ আছে। গত মাসের ২৫ তারিখে হঠাৎ করে সরদারবাড়ির পানির পাম্পটি বিকল হয়ে যায়।
মাজার রোডের বাসিন্দা মোহাম্মদ হাফিজ বলেন, প্রায় এক মাস ধরে পানির সংকট চলছে। সারা দিন পানি থাকে না। ভোররাতের দিকে অল্প পানি এলেও তা অল্প সময় থাকে। লাইনে ময়লা পানিও আসে।
পানির অভাবে রান্নাবান্না ও গৃহস্থালির কাজ সারতে হিমশিম খাওয়া আমতলী বাজারের বাসিন্দা রাজিয়া আখতার প্রথম আলোকে বলেন, ‘সারা দিন পানি পাই না। ভোররাতে লাইনে পানি আসে। তখন অল্প পরিমাণ পানি সংগ্রহ করা যায়। ওই অল্প পানি দিয়াই সারা দিন চালাইতে হয়।’
পানির জন্য রাত জেগে পাহারা দিচ্ছেন অনেক বাড়িওয়ালা। উদ্দেশ্য একটাই, লাইনে পানি আসামাত্র যেন পাম্প চালু করে রিজার্ভ ট্যাংকে পানি ধরে রাখা যায়। দক্ষিণখান বাজারের এক বাড়িওয়ালা বলেন, ‘সারা রাত জেগে থাকি লাইনে পানি আসার অপেক্ষায়। লাইনে পানি আসার সময় পাম্প ছাড়তে না পারলে পানি সংগ্রহ করা যায় না। কারণ লাইনে বেশিক্ষণ পানি থাকে না। আবার পানি সরবরাহ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাম্প বন্ধ করতে না পারলে পাম্পে বাতাস ঢুকে যায়।’
দক্ষিণখান আদর্শ ইউনিয়ন পরিষদে খোঁজ নিতে গেলে পরিষদের সচিব মো. মাহবুব আলম নিজেও পানির সংকটের কথা জানান। তিনি বলেন, ‘প্রায় এক মাস ধরেই পানির তীব্র সংকট চলছে। সারা রাত জেগে অপেক্ষা করি পানির জন্য, জনগণের ভোগান্তি এখন চরম পর্যায়ে।’ ইউনিয়ন পরিষদ থেকে পানির সংকট নিরসনে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।’
বিকল হয়ে যাওয়া সরদারবাড়ি পানির পাম্পের খোঁজ নিতে গেলে পাম্প অপারেটর বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, কম সময়ে পানির পাম্প চালু হয়ে যাবে। তখন আর সংকট থাকবে না। তিনি আরও বলেন, গত মাসের ২৫ তারিখে পানির সঙ্গে প্রচুর পরিমাণে বালু আসতে থাকে। আনুমানিক প্রায় ৩০০ ফুট গভীরে বালু ও পানির চাপে পাইপ ফেটে যায়। এ কারণে পাম্প বন্ধ করা হয়।