দক্ষিণখানে পানির সংকট
প্রতিবছরই গ্রীষ্মের প্রচণ্ড গরম ও দাবদাহের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় পানির সংকট দেখা দেয়। এবারও তার ব্যতিক্রম নয়। অন্য অনেক এলাকার মতো দক্ষিণখানেও দেখা দিয়েছে পানির তীব্র সংকট।
ওয়াসার লাইনে ঠিকমতো পানি না আসায় এ সমস্যা দিন দিন বেড়েই চলছে।
দক্ষিণখানের মাটির মসজিদ এলাকার বাসিন্দা আহমদ হোসেন বলেন, ‘পানির সমস্যা এতই বেড়েছে যে বাসায় ঠিকমতো গোসলও করতে পারছি না।’
পানির সংকটের কারণে ঠিকমতো রান্নাবান্না ও গৃহস্থালি কাজ করতে পারছেন না শারমিন সুলতানা। তিনি বলেন, কয়েক দিন ধরে পানির সমস্যা তীব্র আকার ধারণ করেছে, আগে এতটা ছিল না। খাওয়ার পানি কিনে খেতে হচ্ছে।
দক্ষিণখানের মাজার এলাকায়ও পানির তীব্র সংকট। সেখানকার বাসিন্দা তারেক রহমান বলেন, পানির জন্য মানুষকে বালতি, কলসি হাতে এদিক-ওদিক ছুটতে হচ্ছে।
এ বিষয়ে ঢাকা ওয়াসার মডস জোন-৯-এর নির্বাহী প্রকৌশলী কাজীম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে কয়েক দফায় যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি সাড়া দেননি।