দক্ষিণখানে পোশাক কারখানার গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখানে গতকাল সোমবার একটি পোশাক কারখানার গুদামে আগুন লেগে কাপড় পুড়ে গেছে। গুদামটি ছিল ১০ তলা ভবনের দ্বিতীয় তলায়। তবে ভবনটিতে দুটি পোশাক কারখানা থাকলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।স্থানীয় লোকজন জানান, সকাল ১০টার দিকে দক্ষিণখানের ২০২ মোল্লারটেকের আফনান প্লাজার দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হতে থাকে। দ্বিতীয় তলায় সোয়ান গার্মেন্টস নামের পোশাক কারখানার গুদামে রাখা কাপড়ের রোলে আগুন ধরে। এ সময় ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। ভবনের ভূগর্ভস্থ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ষষ্ঠ তলা সোয়ান গার্মেন্টসকে; চতুর্থ ও পঞ্চম তলায় স্যার ডেনিমকে এবং সপ্তম থেকে ১০ তলা ম্যাককয় সোয়েটারকে ভাড়া দেওয়া। ভবনটিতে স্যার ডেনিম ও ম্যাককয়ের কারখানা, গুদাম ও কার্যালয় রয়েছে। তবে সোয়ানের কারখানা কয়েকটি ভবন পরে।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে নিচে থেকে এবং পরে চারদিক থেকে ‘আগুন’, ‘আগুন’ চিৎকার শুরু হয়। গত শনিবার রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসে আগুনে শতাধিক মানুষের প্রাণহানি ওই ভবনে কর্মরত এবং আশপাশের মানুষকে আতঙ্কিত করে তোলে। আশপাশের লোকজন ও পোশাক কারখানার শ্রমিকেরা ওই ভবনে কর্মরত ব্যক্তিদের উদ্ধারে এগিয়ে আসেন। ভবনের বিভিন্ন তলায় কর্মরত মানুষ পেছনের সিঁড়ি দিয়ে, পাশের ভবনের ছাদ বেয়ে নেমে আসেন। কয়েকজন ১০ তলার ছাদে আশ্রয় নেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দোতলার কাচ ভেঙে হোসপাইপ ঢুকিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর তৎপরতা শুরু করেন। আগুন অন্য তলায় ছড়ানোর আগেই দুপুর সোয়া ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা দোতলার গুদাম থেকে অর্ধপোড়া, ধোঁয়ায় কালো হয়ে যাওয়া কাপড়ের রোল বের করে নিশ্চিত করেন, কোথাও আগুন নেই, কেউ আটকা পড়েননি। ধোঁয়া ও নির্বাপণের জন্য ছিটানো পানিতে তৃতীয় ও নিচতলার গুদামের কাপড়ও নষ্ট হয়েছে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট দুপুর সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বেলা একটা ২৫ মিনিটে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়। ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের উপপরিচালক জহুরুল আমিন মিয়াকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।ফায়ার সার্ভিসের মহাপরিচালক আবু নাঈম মো. শাহীদউল্লাহ বলেন, বিধান না থাকলেও সোয়ান গার্মেন্টসের গুদামে বৈদ্যুতিক সংযোগ ছিল। বৈদ্যুতিক গোলযোগ থেকে নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হবে।