দক্ষিণখানের শহীদ লতিফ সড়কে জলাবদ্ধতা

দক্ষিণখান ইউনিয়নের শহীদ লতিফ সড়ক এক সপ্তাহের বেশি সময় ধরে পানির নিচে তলিয়ে আছে। স্থায়ী জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়ছেন এলাকার বাসিন্দারা।
গতকাল মঙ্গলবার দেখা যায়, শহীদ লতিফ সড়কে প্রায় হাঁটুপানি। দীর্ঘদিন পানিনিষ্কাশনের নালার ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় নালা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে না। দুপাশের নালা থেকে মূল সড়ক কিছুটা নিচু হওয়ায় নালার নোংরা পানি রাস্তায় জমে থাকা পানির সঙ্গে মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে।
এলাকার বাসিন্দারা সেই নোংরা পানি মাড়িয়েই যাতায়াত করছেন। সড়কটি দিয়ে সব ধরনের যানবাহন চলছে ধীরে। ফলে পুরো সড়কে সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট।
দক্ষিণখানের গাওয়াইরের বাসিন্দা রিকশাচালক আলম মিয়া বলেন, ‘পানির কারণে এমনিতেই রিকশা জোরে টানা যায় না, তার মইধ্যে রাস্তায় আছে ছোট-বড় গর্ত। তাই সাবধানে চালাইতে হয়। কহন রিকশা উল্টায় যাইব সেইটা কওন যায় না।’
মোল্লারটেকের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, শহীদ লতিফ সড়ক অনেক দিন ধরেই জলাবদ্ধ। মোল্লারটেক ১২তলা গার্মেন্টসের কর্মী লিপি আক্তার বলেন, প্রতিদিন পচা-নোংরা পানি মাড়িয়েই কাজে যেতে হচ্ছে তাঁকে এবং তাঁর সঙ্গীদের। দেখা যায়, পানি বেশি থাকায় নারী শ্রমিকেরা পানির নিচে থাকা গতিরোধক অনুসরণ করে রাস্তা পেরোচ্ছিলেন।
প্রতিদিন এ পথে যাতায়াত করে উত্তরা রাজউক মডেল কলেজ, উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোল্লারটেক উদয়ন বিদ্যালয় ও কলেজ, কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষ। কিন্তু জলাবদ্ধ রাস্তার কারণে প্রতিদিনই তারা ভোগান্তিতে পড়ছে।
ছেলে রিফাতকে রাজউক মডেল স্কুল থেকে নিয়ে বাসায় ফিরছিলেন জাহানারা আহসান। তিনি বলেন, বর্ষা মৌসুমে ছেলেকে স্কুলে আনা-নেওয়া করতে প্রচুর কষ্ট হচ্ছে। ভারী বৃষ্টি হলে হাঁটুপানি জমে যায়। রিকশা পাওয়া যায় না, ভাড়া বেশি চায়, যেতেও রাজি হয় না।
দক্ষিণখানবাসীর নিত্যদিনের সমস্যা ভাঙাচোরা, খানাখন্দে ভরা, চলাচলের অনুপযোগী সড়ক। শহীদ লতিফ সড়ক ছাড়াও মোল্লারটেকসংলগ্ন প্রেমবাগান মোড় থেকে নোয়াপাড়া, আমতলা, গাওয়াইর হয়ে চেয়ারম্যান বাড়ি পানির পাম্প পর্যন্ত রাস্তা পুরোটাই ছোট-বড় ভাঙাচোরা, খানাখন্দে ভরা।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেন বলেন, ‘বহুবার মন্ত্রণালয়ে গেছি। রাস্তা সংস্কারের জন্য অনেক আবেদনপত্র দিয়েছি। তারা করছি, করব এই করতে করতে কোনোটাই করছে না।’