দক্ষিণগাঁও ইউনিয়নের প্রধান সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণগাঁও ইউনিয়নের বেগুনবাড়ি অংশের প্রধান সড়ক বেহাল। সামান্য কিছু অংশ বাদে পুরো সড়কই কাঁচা। ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে পোহাতে হচ্ছে ভোগান্তি।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, দক্ষিণগাঁও প্রধান সড়কের বেগুনবাড়ি ও মানিকদিয়া এলাকা বেগুনবাড়ি সেতু (কাঠের পুল) দিয়ে যুক্ত। মানিকদিয়া ও বেগুনবাড়ি এলাকার বাসিন্দাদের দক্ষিণগাঁও বাজার হয়ে রাজধানীর সঙ্গে যোগাযোগের জন্য সড়কটি ব্যবহার করতেই হয়। স্থানীয় বাসিন্দারা জানান, এ বছরের মার্চ মাসে দক্ষিণগাঁও প্রধান সড়কের মানিকদিয়া অংশটুকু মেরামত করা হয়। কিন্তু এর সঙ্গে যুক্ত বেগুনবাড়ি অংশের মেরামত না করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই এলাকার বাসিন্দাদেরই। মানিকদিয়া এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, ‘প্রধান সড়কের মানিকদিয়া অংশের মেরামত হলেও এর আগের বেগুনবাড়ি অংশ কাঁচা অবস্থাতেই রয়ে গেছে। তাই এলাকার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
দক্ষিণগাঁও বাজারের বটতলা থেকে বেগুনবাড়ি সেতু পর্যন্ত সড়কের প্রায় পুরো অংশ ভেঙে গেছে। পুরো সড়কে সামান্য কিছু অংশ পাকা রয়েছে। বাকি অংশ পুরোটাই কাঁচা। কোথাও উঁচু-নিচু, কোথাও সৃষ্টি হচ্ছে গর্তের। স্থানীয় বাসিন্দাদের ইট-সুরকি দিয়ে এসব জায়গা ভরাট করতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, মানিকদিয়া ও বেগুনবাড়ি এলাকার বেশির ভাগ অংশ একসময় চাষের জমি ছিল। রাজধানীতে আবাসন সংকটের কারণে লোকজন এসব এলাকায় জমি কিনতে শুরু করে। বর্তমানে নিচু জায়গা ভরাট করে তৈরি করা হচ্ছে নতুন নতুন আবাসন। ঘরবাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এ সড়ক দিয়েই আনা-নেওয়া করতে হয়। ভারী যানবাহন চলার কারণেই সড়কের এ বেহাল দশা।
বেগুনবাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা আবদুল মোত্তালেব অভিযোগ করে বলেন, ‘ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটি খানাখন্দে ভরে গেছে। বৃষ্টি হলে মাটির রাস্তায় চলাচল কষ্টকর হয়ে ওঠে।’
দক্ষিণগাঁও ইউনিয়নের চেয়ারম্যান এইচ এস সোহরাওয়ার্দী বলেন, ‘আমার ইউনিয়নের এই অংশটুকুই মেরামতের বাকি আছে। সড়কটি মেরামতের জন্য বরাদ্দ আনার চেষ্টা করছি। বরাদ্দ পেলে কাজ শুরু করব।’