দক্ষিণাঞ্চল ও নাটোরের বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তজেলা বাস-মিনিবাস মালিক সমিতির বিরোধের জের ধরে নাটোরের সঙ্গে দক্ষিণাঞ্চলের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার বেলা ১১টায় নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাসিরুর রহমান খান বাস চলাচল বন্ধের ঘোষণা দেন। এতে পূজা ও ঈদ উপলক্ষে ঘরমুখী লোকজন চরম দুর্ভোগে পড়েছেন।

নাটোর বাস-মিনিবাস মালিক সমিতি জানায়, দুই সপ্তাহ ধরে নাটোর থেকে দক্ষিণাঞ্চলগামী পদ্মা পরিবহনের বাসকে বরিশালের  সীমানায় পৌঁছানোর পর ওই পথে ঢুকতে দিচ্ছিল না বরিশাল বাস মালিক সমিতি। নাটোর সমিতির পক্ষ থেকে বরিশাল সমিতির কাছে ঈদের আগে গাড়িগুলোর চলাচলে বাধা না দিতে অনুরোধ জানানো হয়। কিন্তু বরিশাল সমিতি তাতে সাড়া দেয়নি। উপরন্তু গত শুক্রবার নাটোর থেকে বরিশালগামী আকিব পরিবহন ও তুহিন পরিবহনের দুটি গাড়িকেও বরিশালে ঢুকতে দেওয়া হয়নি। এই বিরোধকে কেন্দ্র করে বেলা ১১টা থেকে নাটোরের সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ ঘোষণা করে নাটোর সমিতি।