দক্ষিণাঞ্চলে আজ থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট
আজ রোববার সকাল ছয়টা থেকে দক্ষিণাঞ্চলের ২১ জেলায় ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যুর ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্স ও সিলেটে একটি দুর্ঘটনায় গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়ের করা ক্ষতিপূরণের দুটি মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচির ডাকা দেওয়া হয়েছে।
সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটির নেতারা গতকাল শনিবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুর আঞ্চলিক কমিটির নেতারা ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন।
যশোরে সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্যসচিব আবদুর রহিম বকশ বলেন, দেশের প্রচলিত আইনের বাইরে চুয়াডাঙ্গা ডিলাক্স ও গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে ১৩ কোটি টাকা করে মোট ২৬ কোটি টাকার দুটি ক্ষতিপূরণ মামলা করা হয়েছে। ওই মামলা প্রত্যাহারের দাবিতে ১০ জেলায় ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যাত্রীবাহী ও পণ্যবাহী কোনো ধরনের যানবাহন খুলনা বিভাগের সড়কগুলোতে চলাচল করবে না।
সম্মেলনে জানানো হয়, ঢাকা-খুলনা মহাসড়কের মানিকগঞ্জ এলাকায় চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। ওই ঘটনায় মানিকগঞ্জ থানায় চুয়াডাঙ্গা ডিলাক্স কর্তৃপক্ষের বিরুদ্ধে ১৩ কোটি টাকার ক্ষতিপূরণের একটি মামলা হয়। এদিকে সিলেটে গ্রিন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসটির আটজন যাত্রী নিহত হন। ওই ঘটনায় গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে ১৩ কোটি টাকার অপর একটি ক্ষতিপূরণ মামলা সিলেট আদালতে দায়ের করা হয়েছে। আবদুর রহিম বলেন, ‘সড়কে দুর্ঘটনা অহরহ ঘটে। আর প্রতিদিনই যদি কোটি কোটি টাকার মামলা হয়, তাহলে কার পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব?’