দক্ষিণাঞ্চলে আরও দুটি মৎস্য অবতরণকেন্দ্র স্থাপিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলের পিরোজপুর ও পটুয়াখালীতে আরও দুটি সরকারি মৎস্য অবতরণকেন্দ্র ও পাইকারি মৎস্যবাজার স্থাপন হচ্ছে। এর মধ্যে পিরোজপুর জেলার পাড়েরহাট ও পটুয়াখালী জেলার মহীপুরে মৎস্য অবতরণকেন্দ্র ও পাইকারি মৎস্যবাজার তৈরির জন্য স্থান নির্বাচন করা হয়েছে।জানা গেছে, দক্ষিণাঞ্চলে বর্তমানে বরিশাল ও বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের দুটি পূর্ণাঙ্গ মৎস্য অবতরণকেন্দ্র এবং এ বছরের শুরুতে পাথরঘাটার চরদুয়ানিতে একটি মৎস্য উপকেন্দ্র স্থাপন করা হয়েছে। নতুন আরও দুটি মৎস্যকেন্দ্র নির্মিত হলে মাছ প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে অধিকতর সুবিধা পাবে দক্ষিণাঞ্চলের প্রায় আড়াই লাখ জেলে ও ব্যবসায়ী।বরিশালের মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মৎস্য বাজারের ব্যবস্থাপক এ কে এম নূর মোহাম্মদ জানান, পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট এলাকায় ও পটুয়াখালী জেলার মহীপুর-আলীপুর এলাকায় দুটি কেন্দ্র নির্মাণের জন্য জমি অধিগ্রহণসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার জন্য বরিশাল মৎস্য অবতরণকেন্দ্রের ব্যবস্থাপক এবং পাথরঘাটা কেন্দ্রের ব্যবস্থাপককে দায়িত্ব দেওয়া হয়েছে।জানা গেছে, মৎস্য অধিদপ্তরের গত ৮ জুন দেওয়া নির্দেশনা অনুযায়ী পিরোজপুরের পাড়েরহাট এলাকায় মৎস্য অবতরণকেন্দ্রের স্থান নির্ধারণ করা হয়েছে। কচা নদীর পাড়ে উমেদপুর মৌজায় ২ দশমিক ৮ একর খাস জমিতে কেন্দ্রটি স্থাপনের জন্য জমি নির্ধারণ করে প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের সব প্রস্তাবনা পাঠানো হয়েছে। একইসঙ্গে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহীপুর-আলীপুরের লতাচাপালি মৌজায় মৎস্য অবতরণকেন্দ্রের স্থান নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আবদুল আউয়াল বলেন, ‘মহীপুর-আলীপুরের লতাচাপালি মৌজায় মৎস্য অবতরণকেন্দ্রের স্থান নির্ধারণ করা হয়েছে। ব্যক্তি মালিকানাধীন দুই একরের একটু বেশি জমিতে কেন্দ্র স্থাপনের জন্য জমির প্রস্তাবনা পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে দুটি মৎস্য অবতরণকেন্দ্র স্থাপন করা হবে।