দক্ষিণাঞ্চলে চিকিৎসকের অর্ধেক পদই শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিভাগের ছয় জেলার ৩৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ছয়টি জেনারেল হাসপাতালে চিকিৎসকের অর্ধেক পদ শূন্য থাকায় চিকিৎসাসেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সরকারি স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলোর এই বেহাল দশার জন্য এই অঞ্চলের সচেতন নাগরিকেরা সরকারের বৈষম্যমূলক আচরণকে দায়ী করেছেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরগুনা জেলার সভাপতি অধ্যক্ষ রাজিয়া বেগম বলেন, সম্প্রতি সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মান বাড়াতে তিন হাজার ৫৫১ জন নন-ক্যাডার চিকিৎসক নিয়োগ দিয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী প্রতিটি জেলায় গড়ে ৫৫ জন করে চিকিৎসক নিয়োগ দেওয়ার কথা থাকলেও বরিশালের ছয় জেলায় ৩৩০ জনের জায়গায় দেওয়া হয়েছে ২১২ জন। অথচ এই বিভাগের হাসপাতালগুলোতে চিকিৎসকের ব্যাপক সংকট চলছে। এ ছাড়া অনুন্নত যোগাযোগব্যবস্থা, দারিদ্র্য, প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে এখানকার মানুষের আর্থ-সামাজিক অবস্থা অন্যান্য এলাকার তুলনায় অত্যন্ত নাজুক।বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বরিশাল বিভাগের ছয় জেলার ৩৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ছয়টি জেনারেল হাসপাতালে চিকিৎসকের এক হাজার ১৮টি পদের মধ্যে ৭৭৮টি দীর্ঘদিন শূন্য ছিল। সম্প্রতি নন-ক্যাডারভুক্ত ২১২ জন চিকিৎসক আসার পরও এসব হাসপাতালে চিকিৎসকের ৫৫১টি পদ শূন্য রয়েছে। যে ২১২ জন চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের নিয়োগ-প্রক্রিয়ায়ও রয়েছে বৈষম্য। ২১২ জনের মধ্যে ৮২ জনই তদবির করে নিয়োগ পেয়েছেন বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে ২৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে গৌরনদী উপজেলায়। সবচেয়ে কম চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে বরগুনায়, মাত্র ১৪ জন। অথচ বরগুনা জেনারেল হাসপাতাল ও পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩৫টি পদের ১১১টিই শূন্য। নতুন করে ১৪ জন চিকিৎসক নিয়োগ দেওয়ার পরও শূন্য রয়েছে ৯৬টি পদ।বরিশালের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, এসব হাসপাতালের অধিকাংশ চিকিৎসকের পদ শূন্য থাকায় রোগীরা ন্যূনতম স্বাস্থ্যসেবা পাচ্ছে না। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সন্তোষ কুমার নাথ বলেন, তাঁদের ৫০ শয্যার হাসপাতালে ২০ জন চিকিৎসকের জায়গায় আছেন মাত্র ছয়জন। প্রতিদিন গড়ে বহির্বিভাগে ১৫০-২০০ এবং অন্তর্বিভাগে ৮০-১২০ জন রোগীকে সামাল দিতে তাঁদের হিমশিম খেতে হয়। বরগুনার পাথরঘাটা উপজেলার সাতটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলিয়ে ১৩ জন চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র পাঁচজন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, চিকিৎসক-সংকটের কারণে চেষ্টা করেও ন্যূনতম সেবা নিশ্চিত করা যাচ্ছে না। ভোলার চরফ্যাশন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মাহবুব হোসেন জানান, উপজেলায় চিকিৎসকের ৩৪টি পদ থাকলেও আছেন মাত্র ১৭ জন। অর্ধেক পদ শূন্য থাকায় তৃণমূল পর্যায়ে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে তাঁদের বেগ পেতে হচ্ছে। যোগাযোগ করা হলে স্বাস্থ্য বিভাগের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাক আল মেহেদী প্রথম আলোকে বলেন, সাড়ে তিন হাজার চিকিৎসক নিয়োগের সময় তাঁরা ৬০০ জন চিকিৎসক চেয়ে চাহিদাপত্র দিয়েছিলেন, কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে ২১১ জনকে। এ নিয়ে যোগাযোগ করলে অধিদপ্তর থেকে আবার তাঁদের কাছ থেকে চাহিদাপত্র নেওয়া হয়েছে। তিনি জানান, বরিশাল বিভাগে বর্তমানে মোট চিকিৎসকের ৪৭ ভাগ পদই শূন্য। আর সবচেয়ে বেশি সংকট বিশেষজ্ঞ চিকিৎসকের। চিকিৎসক পদায়নের বিষয়টি সরাসরি মহাপরিচালকের দপ্তর থেকে তদারক করা হয়েছে। এখানে তাঁদের কিছুই করার ছিল না।