দক্ষিণাঞ্চলে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওয়া ঘাট থেকে শ্রীনগরের ছনবাড়ীর দূরত্ব ১২ কিলোমিটার। ঢাকা-মাওয়া মহাসড়কের এই স্থান থেকেই ট্রাকের দীর্ঘ সারি। ছনবাড়ী পার হয়ে রাস্তা কিছুটা ফাঁকা। এরপর মাওয়া গোলচত্বরে যাওয়ার আগে আরও দুই কিলোমিটার লম্বা ট্রাকের সারি। বেশির ভাগই গত মঙ্গলবার থেকে নদী পার হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। একই অবস্থা পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটেও। কর্মকর্তারা বলছেন, এই অবস্থা আরও কিছুদিন চলতে পারে। এতে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিবহনব্যবস্থা আরও বিপর্যস্ত হয়ে পড়তে পারে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কর্মকর্তারা বলছেন, নদীতে প্রচণ্ড স্রোত। পারাপারে সময় লাগছে বেশি। আর ফেরির সংকট তো আছেই। ফলে মাওয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটেই ট্রাকচালকদের থাকতে হতে পারে আরও কয়েক দিন।

গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে মাওয়া ঘাটে ঢোকার আগেই মহাসড়কের ওপর চার কিলোমিটার এলাকায় প্রায় ৩০৬টি ট্রাক ছিল। মাওয়া গোলচত্বর থেকে ঘাট পর্যন্ত রাস্তায় এলোমেলোভাবে ছিল আরও প্রায় ২০০। বেশির ভাগ ট্রাকেই আছে সয়াবিন তেল, পাম তেল, রড, মুরগি বা মাছের খাবার।

ট্রাকচালক কাওসার শেখ বলেন, সোমবার রাত দুইটার দিকে গাজীপুরের মাওনা থেকে মুরগির খাবার নিয়ে শরীয়তপুরের উদ্দেশে রওনা দেন। মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পারাপারের অপেক্ষায় আছেন। খাওয়া-দাওয়া, গোসল সব এখানে চলছে।

মাওয়া ঘাটে ফেরি পারাপারের জন্য অপেক্ষমাণ যাত্রীবাহী বাসের সংখ্যা কম। বেশির ভাগ বাসই লঞ্চে যাত্রী পার করছে।

আরও সময় লাগবে: বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান বলেন, প্রচণ্ড স্রোতে কাওড়াকান্দি থেকে মাওয়া আসতে ফেরিগুলো অতিরিক্ত সময় নিচ্ছে। বৃহস্পতিবার থেকে ফেরিগুলোকে ঘাটে ভেড়ানোর সময় টেনে আনতে দুর্বার নামের একটি শক্তিশালী টাগ জাহাজ মোতায়েন করা হয়েছে।

বিআইডব্লিউটিসির কর্মকর্তারা বলেন, মাওয়া ঘাটে চারটি রো রো, দুটি কে টাইপ, তিনটি মিডিয়াম, পাঁচটি ডাম্প (টানা ফেরি) ফেরি ও একটি ভিআইপি ফেরিসহ মোট ১৫টি ফেরি আছে। তবে প্রচণ্ড স্রোতের কারণে ডাম্প ফেরিগুলো চলতে পারছে না। রো রো ফেরি খান জাহান আলী বিকল হয়ে আছে। দুটি কে টাইপ ও একটি মিডিয়াম ফেরি এখন সচল রয়েছে। ভিআইপি ফেরিরও সেবা বন্ধ। নদীতে এখন প্রচণ্ড স্রোত। মাওয়া থেকে কাওড়াকান্দি যেতে সময় লাগছে ৪০ থেকে ৪৫ মিনিট। কিন্তু কাওড়াকান্দি থেকে মাওয়া আসতে তিন-সাড়ে তিন ঘণ্টা লাগছে। ঘাটে ভেড়ানোর মুখে প্রচণ্ড স্রোতের তোড়ে ফেরি ভেসে যাচ্ছে।

কর্মকর্তারা বলছেন, ছয়টি ফেরি দিয়ে এত যানবাহন পারাপার কঠিন। বর্তমান পরিস্থিতিতে গড়ে পাঁচ ঘণ্টায় একটি ফেরি একবার মাওয়া থেকে কাওড়াকান্দি যায়। রো রো ফেরিগুলোতে ছোট-বড় মিলিয়ে ২০টি, কে টাইপ ও মিডিয়াম ফেরিতে আট থেকে ১০টি গাড়ি ধরে। বড় ফেরিগুলোতে পাঁচ থেকে সাতটি ট্রাক ওঠানো হয়। আর ছোটগুলোতে আরও কম। ফলে দিনে সবগুলো ফেরি মিলে সর্বোচ্চ প্রায় ১০০ ট্রাক পার করতে পারে। ফলে ট্রাকের সারি প্রতিদিন দীর্ঘতর হচ্ছে। এ অবস্থায় অতিরিক্ত স্রোত স্বাভাবিক হওয়ার পর অতিরিক্ত ফেরি না দিলে সংকট উত্তরণে অনেক সময় লাগবে।

গতকাল বিকেল চারটার দিকে মাওয়া লঞ্চঘাটের টার্মিনালের ওপর প্লাস্টিক বিছানায় শোয়ানো ছিলেন বৃদ্ধা তসেরা বেগম। তাঁর ছেলে আলী আকবর খান স্যালাইনের ব্যাগ ওপরে ধরে আছেন। আরেকজন পাখা দিয়ে বাতাস করছেন। তাঁদের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাটে। আলী আকবর বলেন, গত সোমবার তাঁর মা স্ট্রোক করেন। গতকাল সকালে কয়েকজন স্বজনকে নিয়ে রওনা দিয়েছেন। এখন পদে পদে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

খরচের ওপর খরচ: আলমগীর হোসেন নামের আরেকজন ট্রাকচালক বলেন, একে তো যানজটের কারণে খোরাকি খরচ বেড়ে যাচ্ছে। এক ট্রিপেই অনেক সময় লেগে যাচ্ছে। তার ওপর পুলিশ ও ফেরিকর্মীদের ঘুষ দিতে হচ্ছে। পুলিশ আর সরকারি কর্মচারীরা কতভাবে ঘুষ খান তা এখন মাওয়া ঘাটে না এলে বোঝা যায় না। ‘বকশিশ’, ‘চা খাওয়া’, ‘খুশি করে দেওয়া’, ‘হাত ধোয়ানি’ ইত্যাদি নানা নামে তাঁরা টাকা আদায় করে নিচ্ছেন।

ট্রাকচালক শহীদ মাতবর বলেন, ‘সিরিয়ালের গাড়ি একটাও টানে না। টাকা খায়া ডান দিক দিয়া গাড়ি নিয়া ফেরিতে উডাইতাছে।’ বিআইডব্লিউটিসির এজিএম আশিকুজ্জামানের কাছে তাঁরা অভিযোগ করলে তিনি বলেন, এখানে শুধু বিআইডব্লিউটিসি নয়, বিভিন্ন সংস্থা আছে। ট্রাকচালকদের দালালরা রয়েছেন।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে দিন দিন গাড়ির সারি দীর্ঘ হচ্ছে। বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার সাহা প্রথম আলোকে বলেন, পাঁচটি রো রো ও পাঁচটি কে টাইপ ফেরি দিয়ে পাটুরিয়া-দৌলতদিয়া পথে সেবা চালানো হচ্ছে। নদীর পানি বাড়ার কারণে এখন নাব্যতাসংকট নেই। তবে প্রচণ্ড স্রোত সংকট তৈরি করেছে। সময় বেশি লাগছে। ট্রাকচালকদের রাস্তায় থাকতে হবে আরও কয়েক দিন।