ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণা
দক্ষিণাঞ্চলে দুর্যোগ মোকাবিলায় সমস্যা সম্পদ ব্যবস্থাপনায়
দুর্যোগ মোকাবিলার জন্য বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যথেষ্ট পরিমাণে সম্পদ রয়েছে। কিন্তু ওই সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে না পারায় অনেক সমস্যা জিইয়ে থাকছে। যেমন, ওই এলাকায় বছরের পাঁচ মাসে যে বৃষ্টি হয়, তা সঠিকভাবে সংরক্ষণ ও বণ্টন করতে পারলে সেখানকার মানুষের চাহিদা মেটানো সম্ভব।
যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত গবেষণায় এই ফলাফল উঠে এসেছে। গতকাল শনিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) মিলনায়তনে ‘মানুষ ও প্রকৃতির যোগাযোগ: জলবায়ু পরিবর্তন এবং অভিযোজন’ শীর্ষক দিনব্যাপী গোলটেবিল আলোচনায় এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় ও বিআইপির যৌথ উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় প্ল্যানার্স অ্যালামনাইয়ের সহযোগিতায় এই আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান আলোচক আন্তর্জাতিক উন্নয়নবিশেষজ্ঞ ড. টেরি ক্যানন বলেন, বাংলাদেশে সবুজ বিপ্লবের জন্য উপকূলীয় বেড়িবাঁধ ও নানা ধরনের অবকাঠামো নির্মিত হয়েছে। কিন্তু এর ফলে ওই এলাকার নদীগুলোতে পলি পড়ে ভরাট হওয়ার পরিমাণ বেড়েছে। আর বেড়িবাঁধের ভেতরের অংশে প্রতিবছর ভূমির অবনমন ঘটছে বা ভূমি দেবে যাচ্ছে।
ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স্টিভ গুডব্রেড এবং অধ্যাপক ড. ব্রুকি একার্লি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে তাঁদের গত পাঁচ বছরের গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করেন। তাঁরা দেশের ওই উপকূলীয় এলাকায় উন্নয়ন প্রকল্প তৈরি করা এবং বাস্তবায়নের ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার সুপারিশ করেন।
আলোচনার বিশেষ অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা ছিল একসময় প্রধান শিল্পাঞ্চল। আর বরিশাল এলাকা ছিল খাদ্যভান্ডার। লবণাক্ততাসহ নানা প্রাকৃতিক কারণে এখন ওই এলাকায় শিল্পকারখানা মৃতপ্রায়। ফসলের উৎপাদনও কমে গেছে। ওই এলাকাকে আবারও শিল্প ও কৃষিতে উৎপাদনমুখী করতে একটি মহাপরিকল্পনা নেওয়ার পক্ষে মত দেন তিনি।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জের (ইকাড) পরিচালক সালিমুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে। ওই এলাকার নানা অবকাঠামোগত কারণে যে পরিবেশগত বিপর্যয় হয়েছে, তার সঙ্গে জলবায়ু পরিবর্তন যুক্ত হয়েছে। ফলে ওই এলাকায় যেকোনো উন্নয়ন প্রকল্প নেওয়ার আগে আরও বেশি সাবধান হওয়া এবং স্থানীয় জনগণের মতামত নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
বৈঠকে পরিকল্পনাবিদ, নৃবিজ্ঞানী, ভূতত্ত্ববিদ, পরিবেশবিদ এবং অন্য পেশাজীবীরা আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।