দক্ষিণাঞ্চলে নৌ দুর্ঘটনার আশঙ্কা বেড়েই চলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলে ফিটনেসবিহীন অসংখ্য নৌযান চলাচল করে। প্রায়ই দুর্ঘটনা ঘটে। ঈদ সামনে রেখে এই নৌপথে যাত্রী চলাচল অনেক বেড়ে যায়। তখন জলযানগুলোতে অতিরিক্ত যাত্রী বহনের হিড়িক পড়ে। এতে আরও অনেক দুর্ঘটনার আশঙ্কা বেড়েই চলেছে।
নৌ নিরাপত্তা ও যাত্রী অধিকার নিয়ে কাজ করেন এমন কয়েজন প্রথম আলোকে বলেন, নদ-নদীতে অসংখ্য ডুবোচরের সৃষ্টি হয়েছে। নাব্যতার সংকট দেখা দিয়েছে। পাশাপাশি নৌপথের সংকেতব্যবস্থা (সিগন্যাল) একেবারেই নাজুক। এর ওপর ফিটনেসবিহীন অসংখ্য নৌযান চলাচল করছে। তা ছাড়া সরকারি সংস্থাগুলোর নজরদারির ক্ষেত্রে উদাসীনতা থাকায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। সামনে ঈদের মৌসুম। এই মৌসুমে নৌপথে যাত্রীদের চলাচল ৪০ গুণ বেড়ে যাবে। এখনই এ ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
বিআইডব্লিউটিএর বরিশাল কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত দেড় বছরে এই অঞ্চলে ছোট-বড় মিলিয়ে অন্তত ২৪টি নৌ দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছে অন্তত ৫০ জন। আহত হয়েছে আরও অনেকে।
সবচেয়ে ভয়াবহ ছিল বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে ঐশী নামের একটি ট্রলারডুবির ঘটনা। গত বছরের ২২ সেপ্টেম্বর নৌযানটি ডুবে প্রাণ হারায় ২৭ জন যাত্রী। ওই দিন বিকেলে একই স্থানে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে আরও এক ব্যক্তির মৃত্যু হয়। গত বছরের ৪ জুলাই ঢাকা-বরিশাল চলাচলকারী এমভি সুরভী-৭ নামের লঞ্চের সঙ্গে বিআইডব্লিউটিসির স্টিমার পিএস মাসুদের সংঘর্ষ হয়। এতে প্রাণ হারায় পাঁচজন যাত্রী।
বিআইডব্লিউটিএ বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, এই বিভাগের ছয় জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লা মিলিয়ে ৮৮টি নৌপথ রয়েছে। এর মধ্যে ঢাকার সঙ্গে সরাসরি ৪৩টি পথে দোতলা লঞ্চ এবং অভ্যন্তরীণ ৪৫টি পথে একতলা লঞ্চ চলাচল করে। এসব পথে প্রতিদিন যাতায়াত করে প্রায় দেড় লাখ যাত্রী। অভ্যন্তরীণ ৪৫টি পথে আগে অন্তত ৪০০ লঞ্চ চলাচল করলেও এসব লঞ্চের অধিকাংশ এখন বন্ধ হয়ে গেছে। খেয়া ও অন্যান্য মিলিয়ে আরও প্রায় দেড় হাজার ট্রলার ও নৌকা যাত্রী পরিবহন করছে। এসব নৌযান চলাচলের কোনো বৈধতা ও ফিটনেস নেই। নৌ দুর্ঘটনা এড়াতে এবং নিরাপদ নৌ রুট গড়ে তুলতে ২০০০ সালে দেশের উপকূলীয় এলাকার প্রায় ৯ হাজার কিলোমিটার নৌপথকে অধিক ঝুঁকিপূর্ণ এলাকা (জেঞ্জার জোন) হিসেবে চিহ্নিত করা হয়। এসব নৌপথে ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ছোট লঞ্চ (এমএল টাইপের) ও নৌযান চলাচল নিষিদ্ধ।
খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল নগরীর পার্শ্ববর্তী সাহেবের হাট, লাহারহাট, বিশ্বাসের হাট, দাঁড়িয়াল, বাকেরগঞ্জ, চরামদ্দি, বলাইকাঠি, চন্দ্রমোহন, বুখাইনগর, মেহেন্দিগঞ্জ, আন্দারমানিক, ভাসানচর, হিজলা, মুলাদি, ছবিপুরসহ সর্বত্রই যাত্রী পরিবহন করে যাচ্ছে এই অবৈধ নৌযান।
বাংলাদেশ নৌ, রেল ও সড়কপথে যাত্রীদের অধিকার সংরক্ষণবিষয়ক প্রতিষ্ঠান বাংলাদেশ যাত্রী অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি তুষার রেহমান বলেন, ‘নৌপথে নিরাপত্তার বিষয়টি এখন মারাত্মক উদ্বেগের বিষয়। নৌ নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য নৌ পুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএর সমন্বয়ে একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করা প্রয়োজন। ঈদের সময় পুরোনো ও চলাচলের বৈধতা নেই এমন নৌযানগুলো রংচং দিয়ে যাত্রী পরিবহন করে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে তোলে। এটা কঠোর হাতে দমন করা প্রয়োজন।
বিআইডব্লিউটিএর বরিশাল আঞ্চলিক কার্যালয়ের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আজমল হুদা অবশ্য দাবি করেছেন, নৌ দুর্ঘটনা আগের তুলনায় অনেক কমেছে। তারপরও নৌপথে বৈধ-অবৈধ নৌযানগুলোকে নিয়মে ও নিয়ন্ত্রণে আনার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।