দক্ষিণাঞ্চলে মাদক ব্যবসায় শিশুর ব্যবহার বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাত্ করে দেখলে হকচকিয়ে যেতে হবে। চকিতে প্রশ্ন জাগবে, ছেলেটির শরীরে এসব কী? চমকের ধাক্কা সামলে ভালো করে খেয়াল করলে দেখা যাবে, তার শরীরে বিশেষ কায়দায় তৈরি জ্যাকেটের পকেটগুলোতে থরে থরে ফেনসিডিলের বোতল সাজানো। গত ৬ ফেব্রুয়ারি এমন বেশে খুলনা মহানগর পুলিশের হাতে ধরা পড়ে ওই ছেলেটি। ছেলেটির নাম সরোয়ার হাওলাদার (১৭)। মাদক ব্যবসায়ীদের দেওয়া ২০ বোতল ফেনসিডিল নিয়ে সাতক্ষীরা থেকে সে প্রায় ৮০ কিলোমিটার দূরে খুলনা নগরে পৌঁছায়। সোনাডাঙ্গা থানার পুলিশ জানায়, নগরের গল্লামারী পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. মনিরুজ্জামান মল্লিক সাতক্ষীরা থেকে আসা যাত্রীবাহী বাসে তল্লাশি চালাতে গিয়ে সরোয়ারের দেহে ফেনসিডিল পেয়ে তাকে আটক করেন। সার্জেন্ট মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, অবৈধ মালামালের খোঁজে বাসে তল্লাশি চালানোর সময় সরোয়ারের ঘাবড়ে যাওয়া চেহারা দেখে সন্দেহ হয়। তার গা থেকে শীতের পোশাক খোলার পর ভেতরে লালসালু কাপড়ে তৈরি জ্যাকেটের মতো একটি পোশাক পাওয়া যায়। এর ২০টি পকেটে ফেনসিডিলের ২০টি বোতল পাওয়া যায়। সোনাডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মতিন বলেন, এ ঘটনায় সার্জেন্ট মনিরুজ্জামান বাদী হয়ে সরোয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।সোনাডাঙ্গা থানায় আলাপকালে সরোয়ার জানায়, তার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদরে। মা নেই। অসুস্থতার কারণে দিনমজুর বাবা ছাত্তার হাওলাদার নিয়মিত কাজ করতে পারেন না। সংসারে আয় করার মতো অন্য কেউ নেই। ৫ ফেব্রুয়ারি সকালে আবদুর রাজ্জাক নামের মোরেলগঞ্জ সদরের এক ব্যক্তি ৫০০ টাকা দিয়ে তাকে সাতক্ষীরার নারকেলতলায় পাঠান। বিকেলে সেখানে পৌঁছালে অপরিচিত তিন ব্যক্তি সরোয়ারের রাতে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে। পরদিন সকালে ২০ বোতল ফেনসিডিলসহ ওই জ্যাকেট পরিয়ে তাকে খুলনাগামী বাসে উঠিয়ে দেয় তারা। এসব ফেনসিডিল তাকে মোরেলগঞ্জ নিয়ে যেতে বলেন। এর আগে কখনো এমন কাজ করেনি বলে সরোয়ারের দাবি।শুধু কিশোর সরোয়ারই নয়, গত ১৩ জানুয়ারি ২০ বোতল ফেনসিডিলসহ একই থানার পুলিশের হাতে আটক হয় জাকির গাজী। ১৫ জানুয়ারি ৩০ বোতল ফেনসিডিলসহ রিপন গাজী ও ৩ ফেব্রুয়ারি চার বোতল ফেনসিডিলসহ রুবেল সরদার গ্রেপ্তার হয়। তারা তিনজনই কিশোর। ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবসা নির্বিঘ্নে চালাতে শিশু-কিশোরদের ব্যবহার করছে। গরিব ঘরের মাদকাসক্ত কিশোর নেশার টাকা জোগাড় করতে না পেরেও এ ব্যবসায় সহযোগিতা করছে। ১৭ জানুয়ারি ছয় বোতল ফেনসিডিলসহ খুলনা সদর থানার পুলিশের হাতে ধরা পড়েন মো. নাসির উদ্দিন (১৯)। পুলিশকে নাসির উদ্দিন জানান, নেশার টাকা জোগাড় করতেই তিনি ফেনসিডিলের ব্যবসায় নেমেছেন। প্রতিদিন তাঁর এক বোতল ফেনসিডিল পান করতে হয়। এর দাম ২০০ থেকে ৩০০ টাকা। এই টাকা জোগাড়ে প্রতিদিন তাঁকে পাঁচ থেকে ছয় বোতল ফেনসিডিল বিক্রি করতে হয়। একই থানার পুলিশ ২৪ জানুয়ারি আরমান মাঝি (১৭) নামের এক তরুণকে ২৮ পুরিয়া গাঁজাসহ গ্রেপ্তার করে। সেও মাদকাসক্ত। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গীয়াস বলেন, সাম্প্রতিক সময়ে খুলনা নগরে মাদক বিক্রি ও পাচারে বাহক হিসেবে শিশু-কিশোরদের ব্যবহারের সংখ্যা বেড়ে গেছে। মাদক ব্যবসায়ীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব শিশু-কিশোরকে মাদক ব্যবসায় ব্যবহার করছে। নাম না প্রকাশ করার শর্তে খুলনা মহানগর পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নগরের পাঁচটি থানায় গত ছয় মাসে অন্তত ১৫টি শিশুকে মাদকদ্রব্য বেচাকেনার সঙ্গে জড়িত অবস্থায় আটক করা হয়। তাদের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। এসব শিশুকে থানায় রেখে স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে। তাদের আইনের আওতায় আনলে পুলিশকে বাড়তি ঝামেলা পোহাতে হয়।খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণাঞ্চলের একটি শক্তিশালী মাদকদ্রব্য চোরাচালান চক্র সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকার সীমান্ত দিয়ে চোরাই পথে ভারত থেকে বিভিন্ন মাদকদ্রব্য দেশে নিয়ে আসে। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মামুন খানের মতে, শিশু-কিশোরদের প্রতি সাধারণত পুলিশের সন্দেহ থাকে না। এই সুযোগটাকে মাদক ব্যবসায়ীরা কাজে লাগাচ্ছে। বেসরকারি সংস্থা অপরাজেয় বাংলাদেশের খুলনা কার্যালয়ের ব্যবস্থাপক মাহবুব আলম বলেন, গত সাত মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খুলনা নগরের পাঁচটি থানায় করা ১২টি মামলার আসামি সবাই শিশু। সংস্থার পক্ষ থেকে এসব শিশুকে আইনি সহায়তা দেওয়া হচ্ছে। খুলনার মাদকাসক্তি নিরাময় কেন্দ্র মুক্তি সেবা সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আকতার বলেন, ১০ থেকে ২০ বছর বয়সী মাদকাসক্তের সংখ্যা দিনদিন বাড়ছে। মাদকদ্রব্য বেচাকেনা ও চোরাচালানের সঙ্গে শিশু-কিশোরদের জড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা উপ-অঞ্চলের তত্ত্বাবধায়ক মো. রাজিউর রহমান প্রথম আলোকে বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ীরা তাদের শিশুসন্তানদের এই কাজে ব্যবহার করছে। আগের চেয়ে এই প্রবণতা বেড়েছে।