দক্ষিণাঞ্চলে শুঁটকি ব্যবসায় ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধ ও হরতালে বরগুনা, সুন্দরবনসহ দক্ষিণাঞ্চলের শুঁটকি ব্যবসায় স্থবিরতা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলমান রাজনৈতিক সহিংসতা দমনে ব্যস্ত থাকায় সুযোগটি কাজে লাগাচ্ছে সুন্দরবনকেন্দ্রিক দস্যু বাহিনীগুলো। তাদের বেপরোয়া অপহরণ, চাঁদাবাজিতে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
চাঁদাবাজি ও অপহরণ-আতঙ্কে জেলেরা সাগরে যাওয়া কমিয়ে দিয়েছেন। ফলে শুঁটকির জন্য মাছের জোগান কমে গেছে। অপরদিকে অবরোধের কারণে পরিবহনসংকটে উৎপাদিত শুঁটকি দেশের অন্যত্র পাঠানো সম্ভব হচ্ছে না। এতে উৎপাদিত শুঁটকি নষ্ট হয়ে ব্যবসায় বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
গত রোববার বরগুনার তালতলী উপজেলার নলবুনিয়া শুঁটকিপল্লিতে গিয়ে দেখা যায়, পল্লির এখানে-ওখানে স্তূপাকারে ফেলে রাখা হয়েছে বিপুল পরিমাণ শুঁটকি। ব্যবসায়ী ইউনুস ফরাজী বলেন, পরিবহনসংকটে কোথাও শুঁটকির চালান পাঠানো যাচ্ছে না। অবরোধের কারণে ট্রাকমালিক ও চালকেরা দ্বিগুণ ভাড়ায়ও মাল নিতে চাচ্ছেন না।
সুন্দরবনের আলোরকোল এলাকার গোলাম রসুল নামের এক জেলে বলেন, ‘অনেক জেলে ডাইকাতের ভয়ে এহন সাগরে যায় না। হেইতে আমিও যাই না। এহন দুই বেলা বইস্যা থাহি তো এক বেলা কাম করি।’
সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত মৌসুমে কেবল সুন্দরবনের শুঁটকিপল্লিতেই ৬৩ হাজার ৯৫ মণ শুঁটকি উৎপাদিত হয়েছিল। এই খাত থেকে বন বিভাগের রাজস্ব আয় হয় ১ কোটি ২৭ লাখ ৯ হাজার টাকা। দুবলার চরসহ পূর্ব বন বিভাগের আওতাধীন ১৬টি চরে শুঁটকি উৎপাদনের সঙ্গে প্রায় ২৫ হাজার মানুষ জড়িত।
দেশের সবচেয়ে বড় শুঁটকি উৎপাদনকারী প্রতিষ্ঠান দুবলা ফিশারম্যান গ্রুপের কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চলমান সহিংসতা দমনে ব্যস্ত থাকায় দুই মাস ধরে সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু বাহিনীগুলো বেপরোয়া হয়ে উঠেছে। এ সময়ে বাহিনীগুলো কমপক্ষে সাড়ে ৩০০ জেলে ও শ্রমিককে অপহরণ করেছে। এতে আতঙ্কিত অনেক জেলে মাছ ধরতে যাচ্ছেন না। ফলে শুঁটকির জন্য মাছের জোগান অর্ধেকে নেমে এসেছে।
এ ছাড়া এখানকার শুঁটকির প্রধান বাজার হচ্ছে চট্টগ্রাম ও নীলফামারীর সৈয়দপুর। পরিবহনসংকটে উৎপাদিত শুঁটকিও সেখানে পাঠানো যাচ্ছে না। ফলে শুঁটকিপল্লিগুলোতে স্তূপাকারে পড়ে থেকে নষ্ট হচ্ছে কয়েক হাজার মণ শুঁটকি।
দুবলা ফিশারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহম্মেদ বলেন, ‘টানা অবরোধ ও দস্যুদের তাণ্ডবে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। রাজনৈতিক সহিংসতার সুযোগে দস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এই অবস্থা অব্যাহত থাকলে অচিরেই মাছ ধরা বন্ধ হয়ে যাবে।’
ব্যবসায়ীদের অনেকে জানান, নভেম্বর থেকে মে মাস শুঁটকির ভরা মৌসুম। বরগুনার তালতলী ও পাথরঘাটায় ছয়টি, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ছয়টি এবং বাগেরহাটের সুন্দরবন-সংলগ্ন ১৬টি চরে প্রতি মৌসুমে কমপক্ষে চার লাখ মণ শুঁটকি উৎপাদিত হয়।
যোগাযোগ করা হলে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আমির হোসাইন চৌধুরী বলেন, ‘জেলে ও শুঁটকি শ্রমিকদের নিরাপত্তায় আলোরকোল এলাকায় কোস্টগার্ডের একটি নিয়মিত দল রয়েছে। শুঁটকি ব্যবসায়ীরা আরও কোস্টগার্ড চাইলে আমরা ব্যবস্থা নেব।’