দক্ষিণাঞ্চলে হঠাৎ বাড়ল ইলিশের দাম
আসন্ন দুর্গোৎসবের ঝাঁজ লেগেছে দক্ষিণাঞ্চলের ইলিশের বাজারে। এই উৎসব সামনে রেখে ইলিশের চাহিদা বাড়ায় গত দুই দিনে পাইকারি ও খুচরা বাজারে হঠাৎ এর দাম বেড়ে গেছে।
গতকাল বুধবার সকালে বরিশাল নগরে ইলিশের বৃহৎ মোকাম পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে খোঁজ নিয়ে জানা যায়, পাইকারি বাজারে গত দুই দিনে ইলিশের দাম বেড়েছে মণপ্রতি দুই থেকে আড়াই হাজার টাকা। অন্যদিকে খুচরা বাজারে কেজিতে বেড়েছে ২০০ থেকে ৩০০।
গতকাল এই মৎস্য অবতরণ কেন্দ্রে ৭০০-৯০০ গ্রাম ওজনের ইলিশের মণ বিক্রি হয়েছে ২৬ হাজার টাকায়, যা দুই দিন আগে ছিল ২৪ হাজার টাকা। ৪০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ মণপ্রতি বিক্রি হয়েছে ১৮ হাজার টাকায়, যা দুই দিন আগে ছিল ১৬ হাজার টাকা। এ ছাড়া ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৪২ হাজার টাকায়। দুই দিন আগে এর দাম ছিল ৩৮ থেকে ৪০ হাজার টাকা।
এ ছাড়া বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মৎস্য অবতরণ কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, ইলিশের মূল্য গত দুই দিনে অনেক বেড়ে গেছে। এই অবতরণকেন্দ্রে গতকাল ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের প্রতি মণ ইলিশের দাম ছিল ২২ হাজার টাকা, যা দুই দিন আগেও বিক্রি হয়েছিল ১৯ থেকে ২০ হাজার টাকায়। এ ছাড়া ৪০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১৮ হাজার টাকায়, যা আগে ছিল ১৫ হাজার টাকা। ৯৫০ থেকে ১ কেজির ওপরে ইলিশ বিক্রি হয়েছে ৪১ হাজার টাকায়, যা আগে ছিল ৩৮ হাজার টাকা।
পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র আড়তদার সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন শিকদার বলেন, পূজার কারণে ইলিশের দাম বেড়েছে। এ ছাড়া মরাকটালের (জোয়ারের বেগ কম) কারণে নদ-নদীতে পানির স্রোত কম থাকায় তেমন ইলিশ ধরা পড়ছে না। তাই বাজার অনেকটা চড়া।
পটুয়াখালীর মহীপুর মৎস্য আড়তদার সমিতির সাবেক সভাপতি ফজলুল হক গাজী বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন বঙ্গোপসাগর ও উপকূলের নদ-নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি সামনে দুর্গাপূজা। তাই ঢাকাসহ সারা দেশে এখন ইলিশের মোকামে প্রচুর চাহিদা। তিন দিন ধরে সাগরে ও নদীতে ইলিশ ধরা পড়ছে কম। তাই হঠাৎ করে পাইকারি ও খুচরা বাজারে ইলিশের দাম কিছুটা বেড়েছে।
ফজলুল হক আরও বলেন, এবার প্রচুর ইলিশ ধরা পড়ায় দাম কম ছিল। এতে জেলে ও ব্যবসায়ীরা তেমন লাভবান হননি। শেষ সময়ে দাম কিছুটা বেড়ে যাওয়ায় জেলে ও ব্যবসায়ীরা লাভবান হবেন।
বরিশাল নগরে বিভিন্ন খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, আগে ৪০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ যেখানে প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হতো, তা গতকাল বিক্রি হয়েছে ৫৫০ থেকে ৬০০ টাকায়। আবার ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ৫৫০ টাকার স্থলে বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকায়। আবার ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ ৭০০ টাকার স্থলে বিক্রি হয়েছে ১ হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত।
শহরের পশ্চিম কাউনিয়া এলাকার বাসিন্দা পুলক রায় গতকাল বলেন, ‘পূজা উপলক্ষে ইলিশ কেনার জন্য নতুন বাজারে গিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে দাম বেড়ে গেছে। এক কেজি ওজনের একটি ইলিশ ১ হাজার ৪০০ টাকা দাম হাঁকছেন বিক্রেতারা। ছোট ইলিশের দামও কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে।’ নরের বৈদ্যপাড়া এলাকার কিশোর বড়াল বলেন, ‘তিন-চার দিন আগে যে ইলিশ ৪০০ টাকায় কেনা যেত, এখন উঠেছে ৭০০ থেকে ৮০০ টাকায়। পূজা সামনে রেখে এত দাম বেড়েছে যে তা আমাদের মতো ক্রেতাদের পক্ষে ইলিশ কেনা অসম্ভব হয়ে পড়েছে।’