দক্ষিণাঞ্চলে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু

খুলনা বিভাগের ১০ জেলায় আজ রোববার সকাল ছয়টা থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যুর ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্স এবং সিলেটে একটি দুর্ঘটনায় গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়ের করা ক্ষতিপূরণের দুটি মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।
গত ২৭ এপ্রিল চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত খুলনা বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের বিশেষ সভায় এই ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।
একই দাবিতে আজ সকাল ছয়টা থেকে বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের ১১ জেলায় ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
ধর্মঘটের কারণে আজ সকাল থেকে খুলনা বিভাগের সংশ্লিষ্ট জেলায় দূরপাল্লা ও আন্তজেলা পথে সব ধরনের যাত্রীবাহী ও পণ্যবাহী যানচলাচল বন্ধ রয়েছে। সকাল থেকেই পরিবহন মালিক ও শ্রমিকেরা জোটবদ্ধ হয়ে জেলার প্রবেশ পথগুলোতে পিকেটিং করছেন।
সকাল সাড়ে ছয়টার দিকে চুয়াডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে সব রুটের বাসগুলো অলস পড়ে থাকতে দেখা যায়।
এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে সড়কের পাশে মালভর্তি ও খালি ট্রাক দাঁড়িতে থাকতে দেখা গেছে।
ধর্মঘটে থ্রি-হুইলার চলাচলও বন্ধ রয়েছে।
কাছের পথের যাত্রীরা রিকশাভ্যান ও ইজিবাইকে চলাচল করছেন। তবে বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।
চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন মুক্তা বলেন, ‘এটা শুধু ধর্মঘটই না, এটা পরিবহন খাতের অস্তিত্বের লড়াই। দুটি দুর্ঘটনায় ১৩ কোটি টাকা করে মোট ২৬ কোটি টাকার দুটি ক্ষতিপূরণ মামলা করা হয়েছে, যা মেনে নেওয়া হবে না।’
চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মণ্ডল বলেন, পরিবহন শ্রমিকেরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি। তাঁদের কারাবন্দী করা, হয়রানি করা চলবে না।