দক্ষিণাঞ্চলের উন্নয়ন দাবিতে খুলনা অচল কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৬ নভেম্বর আধা ঘণ্টা খুলনা অচল কর্মসূচি পালন করবে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। খুলনায় গ্যাস সরবরাহ, বিমানবন্দর নির্মাণ, আধুনিক রেলস্টেশনের কাজ শুরু, পদ্মা সেতু দ্রুত শুরু, খুলনা-যশোর সড়ককে চার লেনে উন্নীতকরণসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিভিন্ন দাবিতে ওই কর্মসূচি ঘোষণা করা হয়।
খুলনা প্রেসক্লাবে গতকাল বুধবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী ওই দিন বুধবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত খুলনার সকল যানবাহন, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, স্কুল-কলেজ আধা ঘণ্টার জন্য বন্ধ করে খুলনার উন্নয়নের দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সমন্বয় কমিটির মহাসচিব শেখ মোশাররফ হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দু-একটি পাটকল চালুর মধ্য দিয়ে শিল্পনগরের কান্না কিছুটা হলেও ঘোচাতে শুরু করেছে। কিন্তু কিছু আমলার কারণে আজও কান্না থামেনি দাদা ম্যাচ শ্রমিকদের। নতুন করে সংকটে পড়েছে হার্ডবোর্ড মিল। খুলনা বিদ্যুৎকেন্দ্র আজ বন্ধের দ্বারপ্রান্তে। বাস্তবায়ন হচ্ছে না খুলনা-পাইকগাছা, খুলনা-সাতক্ষীরা, খুলনা-নলিয়ান সড়কের কাজ, নিরালা সংযোগ সড়ক, গল্লামারী-রায়ের মহল রাস্তা, বাস্তুহারা-আড়ংঘাটা রোড, বারাকপুর-চন্দনীমহল-রূপসা সেতুর সংযোগ সড়ক, ফুলবাড়িগেট ফ্লাইওভার, শিরোমণি শিল্প এলাকার রাস্তাঘাট, নতুন রাস্তার মোড়ের শেখ রাসেল সিভিক সেন্টার, মংলা শহরের রিং রোড আর কেডিএ নিউ মার্কেট ও কেডিএ রূপসা মার্কেট এবং কল্পতরু মার্কেট প্রকল্পও আলোর মুখ দেখছে না। এ ছাড়া গ্যাসের লাইন নষ্ট হচ্ছে, রেল ভবনের অগ্রগতি নেই, টেলিভিশন সম্প্রচারকেন্দ্র পড়ে আছে অভিভাবকহীন অবস্থায়।
শেখ মোশাররফ হোসেন লিখিত বক্তব্যে আরও বলেন, দীর্ঘদিন ধরে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) স্থবির অবস্থায় কচ্ছপ গতিতে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তাদের হাতে খুলনার তেমন কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। নিকট অতীতে কিছু প্রকল্প বর্তমান সরকার অনুমোদন ও অর্থ বরাদ্দ করলেও সেগুলো বাস্তবায়নেও তেমন কোনো অগ্রগতি নেই। ইতিমধ্যে খানজাহান আলী (রূপসা সেতু) থেকে রূপসা ফেরিঘাট মোড় পর্যন্ত চার লেনবিশিষ্ট একটি সড়কের অনুমোদন ও প্রায় ১০০ কোটি টাকা সরকার বরাদ্দ করলেও বিগত এক বছরেও কোনো টাকা ব্যবহার হয়নি। প্রকল্প অনুমোদন এবং অর্থ বরাদ্দের পর প্রায় দুই বছর অতিবাহিত হতে চললেও আহসানাবাদ আবাসিক এলাকার ভূমি অধিগ্রহণ আজও শুরু হয়নি। শুধু তাই না, সম্প্রতি পত্রিকায় দেখা যায়, কেডিএ কক্সবাজারের কুয়াকাটা এবং ঢাকার পর্যটনশিল্পের উন্নয়ন এবং বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার যুক্তি দেখিয়ে ওই সমস্ত এলাকায় জমি কিনে দরপত্র আহ্বান করেছে।
এ সময় শেখ মোশাররফ হোসেন কেডিএর উদ্দেশে বলেন, ‘খুলনার টাকা কেন খুলনাকে বাদ দিয়ে অন্য জায়গায় লগ্নি করা হবে? আমরা জানি, কেডিএ কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, অলাভজনক একটি সেবাদানকারী সংস্থা। যদি পর্যটনশিল্পের বিকাশের জন্য লগ্নি করতে হয় তাহলে অবশ্যই খুলনায় করতে হবে। পর্যটনশিল্পের বিকাশ ও উন্নয়নের জন্য খুলনার নরিয়ানে সুন্দরবন ফরেস্ট অফিসের পাশে মনোরম পর্যটনশিল্প গড়ে তোলা সম্ভব।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী, খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ, প্রকৌশলী আজাদুল হক, এস এম দাউদ আলী, মিনা আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, শেখ মুর্শারফ হোসেন প্রমুখ।