দক্ষিণাঞ্চলের উন্নয়নের চাবিকাঠি শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, কুয়াকাটা বিশ্বের মধ্যে অপার সৌন্দর্যের একটি স্থান। যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। ১৯৯৬-১৯৯৮ সাল থেকে শেখ হাসিনা কুয়াকাটাকে উন্নত করার চিন্তা শুরু করেছে। সেই কুয়াকাটাকে ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের সরকারের চিন্তা রয়েছে। শেখ হাসিনা কুয়াকাটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। তাই আমরা বলতে পারি অবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নয়নের চাবিকাঠি হচ্ছে শেখ হাসিনা।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম সমুদ্র সৈকত কুয়াকাটায় আজ সোমবার বিকেলে তিন দিনব্যাপী ‘মেগা বিচ কার্নিভ্যালের’ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। গত ১৪ জানুয়ারি এ বিচ কার্নিভ্যাল শুরু হয়। বাংলাদেশ পর্যটন করপোরেশনের সহায়তায় টুরিজম বোর্ড কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রথমবারের মতো এ বিচ কার্নিভ্যালের আয়োজন করেছে।

পায়রা বন্দর প্রসঙ্গে শিল্পমন্ত্রী বলেন, ‘এই এলাকায় একটি বন্দর করার জন্য বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। আজকের পায়রা বন্দর হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের বন্দর। এই পায়রা সমুদ্রবন্দর পুরোপুরি চালু হলে অর্থনীতির গতি দক্ষিণ-পশ্চিম এশিয়ায় ছড়িয়ে যাবে।’

স্থানীয় নেতৃবৃন্দের দাবির পরিপ্রেক্ষিতে শিল্পমন্ত্রী আরও বলেন, ‘এসব জায়গায় বিসিকের আওতায় পরিবেশবান্ধব ছোট ছোট শিল্প গড়ে তোলা হবে। পরিবেশবিরোধী কোনো শিল্প গড়ে তোলা হবে না। শেখ হাসিনার কথা হচ্ছে, যেখানে যে পরিবেশের শিল্প প্রয়োজন সেখানে সে শিল্প গড়ে তোলা হবে।’

তিন দিনের মেগা বিচ কার্নিভ্যালের শেষ দিন অন্যান্য আয়োজনের মধ্যে ছিল বিচ ফুটবল, বিচ ক্রিকেট, হাডুডু, ভলিবল খেলা, ওয়াটার বাইক, এভিটি রাইডস, ক্যাম্প ফায়ারিং, ফরেস্ট ট্রেকিং, বার-বি-কিউ, সাইকেল শোভাযাত্রা, লেজার শো, ফানুস ওড়ানো, রাখাইন বৈচিত্র্যের ফুড ফেস্টিভ্যাল ও শামুক-ঝিনুকের মেলা।

পটুয়াখালীর জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো. মাহবুবুর রহমান এমপি, এ কে এম আবদুল আউয়াল এমপি, বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক খান মোশারফ হোসেন, পটুয়াখালীর পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার প্রমুখ।